মেডিকেলছাত্রীর করা মামলায় সময় টিভির সাংবাদিক গ্রেপ্তার
বগুড়ায় এক মেডিকেল কলেজছাত্রীর দায়ের করা মানহানি মামলায় বেসরকারি সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাঁকে বগুড়ায় পাঠানো হয়েছে।
সাইফুলের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব উপজেলার বরুরকান্দিতে। ঢাকার মিরপুর এলাকার দ্বিতীয় ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় থাকতেন তিনি।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর বগুড়ারার একটি বেসরকারি মেডিকেল কলেজের ওই ছাত্রী সাইফুলের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মিথ্যা ও আপত্তিকর ছবি এবং তথ্য প্রকাশের অভিযোগে বগুড়া সদর থানায় মানহানি মামলা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, সাইফুল মাহমুদকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।