মেডিকেলছাত্রীর লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল গ্রাম থেকে গত শুক্রবার উম্মে আইরিন সুলতানা ওরফে স্বর্ণা (২০) নামের এক মেডিকেলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার আইরিনের বাবা আবদুল খালেক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় আইরিনের শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।
শশীদল গ্রামের অন্তত তিনজন বাসিন্দা ও আইরিনের আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, আইরিন শশীদল গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আবদুল খালেকের মেয়ে। আইরিন ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে জামিল হোসেন ওরফে ইমন (২৪) শশীদল ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে একই ব্যাচে এসএসসি পাস করেন। এরপর আইরিন ঢাকার মাইলস্টোন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি কুমিল্লার বেসরকারি মেডিকেল কলেজ ইস্টার্ন মেডিকেল কলেজে ভর্তি হন। মেডিকেলে ভর্তির পর আইরিনকে জামিল প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে ভয়ভীতিসহ উত্ত্যক্ত করেন জামিল। একপর্যায়ে এক বছর আগে পরিবারের সদস্যদের না জানিয়ে আইরিনের সঙ্গে জামিলের বিয়ে হয়। গত শুক্রবার বিকেলে আইরিনকে ওই মেডিকেল কলেজের ছাত্রীনিবাস থেকে বাড়িতে নিয়ে আসেন জামিল।
সন্ধ্যা সাড়ে সাতটা থেকে স্ত্রীর সঙ্গে তাঁর ফেসবুক ব্যবহার নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে জামিল তাঁর স্ত্রীকে মুঠোফোনের চার্জারের তার দিয়ে গলায় ফাঁস দেন। একই সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ সময় লাশের গলার নিচে ও শরীরেও আঘাতের চিহ্ন ছিল। গতকাল দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে গতকাল খালেক বাদী হয়ে জামিলকে প্রধান করে ছয়জনের নামে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় জামিলের বাবা নুরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল খালেক বলেন, ‘আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমার মেয়েকে জামিল ভয়ভীতি দেখিয়ে গোপনে বিয়ে করে। ওই বিয়ে আমি মেনে নিইনি।’
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, জামিল পলাতক রয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।