মেডিকেলে ভর্তি ইচ্ছুকদের থানায় ঢুকিয়ে মারধর

রাজধানীর শাহবাগ থানার ‘সার্ভিস ডেলিভারি রুমে’ ঢুকিয়ে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। গতকাল বুধবার এমবিবিএস ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ওই শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে টিএসসি থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে টেনেহিঁচড়ে পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়। তুলে নেওয়া ছাত্রদের মধ্যে ১০ জনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীরা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করেন। তাঁরা পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন। আজ বৃহস্পতিবার শিক্ষার্থীরা নতুন করে সমাবেশের ডাক দিয়েছেন। এই সমাবেশ থেকে তাঁরা সর্বস্তরের জনগণকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমরা টিএসসি থেকে শাহবাগের দিকে যাচ্ছিলাম। জাদুঘরের সামনে ব্যারিকেড থাকায় আমরা শাহবাগে বসে পড়তে চাইছিলাম। তখন পুলিশই ব্যারিকেড সরিয়ে আমাদের চলে যেতে বলে। আমরা যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ পুলিশ আমাদের ওপর হামলা করে।’ খালেদ আরও বলেন, ‘এটা আমাদের আন্দোলন না। এই আন্দোলন আমাদের সবার। আজ হয়তো আমরা ভুগছি। মেডিকেল কলেজে ভালো ছাত্ররা না পড়লে ভবিষ্যতে দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আমরা সবাই ভুগব।’
গতকাল আন্দোলনের ১২তম দিনে শিক্ষার্থীরা সকাল ১০টায় টিএসসিতে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে অবস্থান নেন। ঘটনাস্থলে সে সময় অনেক পুলিশ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে গেলে দুই দফায় জনা বিশেক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রথম দফায় আটক ১০ জনকে প্রিজন ভ্যানে করে রমনা থানায় পাঠিয়ে দেওয়া হয়। এর মিনিট দশেক পর ছাত্রফ্রন্ট ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীসহ মিছিল নিয়ে থানার সামনে এলে তাঁদেরও টেনেহিঁচড়ে পুলিশ শাহবাগ থানার ভেতরে নিয়ে যায়। পরে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে পুলিশ ওই শিক্ষার্থীদের ‘সার্ভিস ডেলিভারি রুমে’ ঢোকায়। এ সময় ওই কক্ষের আলো নিভিয়ে দেওয়া হয়। ছাত্রফ্রন্টের মহানগর শাখার সভাপতি নাঈমা খানম বলেন, ‘শিক্ষার্থীদের সোফায় শুইয়ে শার্ট খুলে রাইফেলের বাঁট দিয়ে পুলিশ পেটায়। একসময় অনিমেষের (অনিমেষ রায়) শ্বাসকষ্ট শুরু হয়। পুরুষ পুলিশ মেয়েদের চুল ধরে টেনে থানায় ঢোকায়। কমপক্ষে ছয়জন এতে আহত হন।’ পুলিশ নাঈমাকেও সার্ভিস ডেলিভারি রুমে ঢোকায়। তবে ঘণ্টা খানেক পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আহত ছয়জন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন বলে গণমাধ্যমকর্মীদের জানান তাঁরা। পুলিশের বিরুদ্ধে একজন ছাত্রীর জামা টেনে ছিঁড়ে ফেলারও অভিযোগ ওঠে।
বেলা একটার দিকে শিক্ষার্থীদের আটকের পর পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার আবদুল বাতেন বলেন, ‘যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল বলে পুলিশকে দায়িত্ব পালন করতে হয়েছে। দ্বিতীয় দফায় যারা মিছিল নিয়ে আসে, তারা ব্যানারের লাঠি দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ বাধ্য হয়ে শিক্ষার্থীদের তুলে নিয়ে আসে।’ তিনি আরও বলেন, পুলিশ যদি রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে থাকে, বা কোনো ছাত্রীর জামা টেনে ছিঁড়ে ফেলে, তবে অবশ্যই দায়ী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আন্দোলনের শুরু থেকেই বিক্ষোভকারীদের পুলিশ ঘিরে রাখলেও গতকালই প্রথম এতটা মারমুখী হয়ে ওঠে। শিক্ষার্থীদের থানায় তুলে নিয়ে কেন মারধর করা হলো, জানতে চাইলে রমনা অঞ্চলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শাহবাগে দায়িত্ব পালন করা অন্য এক কর্মকর্তাকে দেখিয়ে দেন। তিনি বলেন, এই কর্মকর্তার ছেলে ৭০, আরেকজনের মেয়ে ৭৫ পেয়েছেন। তারপরও তাঁরা মেডিকেলে ভর্তি হতে পারেননি। তাঁদের যা নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা তাই করেছেন।
গতকাল শিক্ষার্থীদের যখন থানায় নেওয়া হচ্ছিল, তখন থানার ভেতরেই পায়চারি করছিলেন এক অভিভাবক। একজন ফটোসাংবাদিকের ক্যামেরায় তোলা ছবি দেখে তিনি নিশ্চিত হয়েছেন, ছেলে পুলিশের কাছে। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার বড় ছেলে ও। উদয়ন থেকে এসএসসি, নটর ডেম থেকে এইচএসসি পাস করেছে। ওকে তুলে নিয়ে গেল পুলিশ। মেডিকেল কলেজ ছাড়া কোথাও পরীক্ষা দেওয়াইনি। ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল।’