মেডিকেলে হামলায় পাঁচ শিক্ষার্থী আহত, বিক্ষোভ
রাজশাহী মেডিকেল কলেজে গত শুক্রবার দিবাগত রাতে বহিরাগত কয়েক ব্যক্তির হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন। তাঁরা ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ নিয়ে দিনভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার রাত নয়টার দিকে নুরুন্নবী আবাসিক হলে যাচ্ছিলেন এমবিবিএস ৫৪তম ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ও ফয়সাল। পথে আয়েশা সিদ্দিকা হোস্টেলের সামনে অবস্থান করা বহিরাগত তিন তরুণ সিগারেট ধরানোর জন্য রাশেদুল ও ফয়সালের কাছে দেশলাই চান। রাশেদুল ও ফয়সাল তাঁদের পরিচয় জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুল তাঁর হলের অন্য ছেলেদের ফোন করে ডেকে আনেন। পরে ওই হল থেকে ১০-১২ জন ছেলে গিয়ে তিন যুবককে হলের ১০৪ নম্বর কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মারধর করে ছেড়ে দেন। রাত সোয়া ১০টার দিকে পাঁচ-ছয়টি মোটরসাইকেলে করে ১৪-১৫ জন বহিরাগত তরুণ ওই হলের ১০৪ নম্বর কক্ষে হামলা চালান। তাঁরা কয়েকজনকে মারধর করেন। ওই হামলায় রাশেদুল, ফয়সালসহ পাঁচজন শিক্ষার্থী আহত হন। রাশেদ ও ফয়সালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওই শিক্ষার্থীরা রাতেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। খবর পেয়ে পুলিশ কমিশনার মোহাম্মাদ শামসুদ্দিনসহ পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
আহত রাশেদুল অভিযোগ করে বলেন, হামলার প্রতিবাদে রাতে যখন শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন, তখন হামলাকারীরা ক্যাম্পাসসংলগ্ন ঘোষপাড়া মোড়ে অবস্থান করছিলেন। বিষয়টি জানানোর পরও পুলিশ তাঁদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নেয়নি। এ ছাড়াও রাতে ক্যাম্পাসে অবস্থান করার কারণে যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে, তাঁদের নাম-ঠিকানা দেওয়ার পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে বহিরাগতদের ওই হামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা প্রশাসন ভবন ঘেরাও করে ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এরপর কলেজে কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন। বেলা আড়াইটার দিকে একাডেমিক কাউন্সিলের সভা শেষ হওয়া পর্যন্ত তাঁরা সেখানে বসে থাকেন।
কলেজের উপাধ্যক্ষ নওশাদ আলী বলেন, তাঁরা দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। বিকেলে তাঁরা ক্যাম্পাসের নাজুক জায়গাগুলো চিহ্নিত করেছেন। রাতে ক্যাম্পাসে পুলিশের পাহারা বসানো এবং পূর্ব পাশের ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মামলাও করা হবে।
শিক্ষার্থী রাশেদুলের অভিযোগ অস্বীকার করে রাজপাড়া থানার ওসি মেহেদি হাসান বলেন, রাতেই অভিযান চালানো হয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি।