মেডিকেলের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের বেসরকারি তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রীনিবাস থেকে গতকাল বুধবার এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম অমৃতা রানী কর। বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায়। তিনি এমবিবিএস শেষ (চতুর্থ) বর্ষের ছাত্রী ছিলেন।
জানতে চাইলে অমৃতার বাবা অমর কর প্রথম আলোকে বলেন, অমৃতা গত শুক্রবার বাড়ি থেকে মেডিকেল কলেজে আসেন। এর মধ্যে কয়েকবার তাঁর সঙ্গে কথাও হয়েছে। কিন্তু কেন অমৃতা এমনটি করেছেন, তা তিনি বুঝে উঠতে পারছেন না।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর অমৃতা আর ক্লাসে যাননি। পরে সহপাঠীরা তাঁর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে তাঁরা জানালায় উঁকি দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অমৃতার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হয়। বেলা তিনটার দিকে পুলিশ অমৃতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জানতে চাইলে হাসপাতালটির আবাসিক চিকিৎসক মো. আবদুস সালাম সরকার বলেন, মৃত অবস্থায় অমৃতাকে হাসপাতালে আনা হয়।
তবে এ ব্যাপারে তায়রুন্নেছা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সন্ধ্যা ছয়টার দিকে জানতে চাইলে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে অমৃতা আত্মহত্যা করেছেন। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।