মেডিকেলের প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৭

মেডিকেল কলেজে ভর্তির প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রংপুরে তিন চিকিৎসকসহ সাতজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ সাতজনকে আটক করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে র্যাব-১৩ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিন চিকিৎসক হলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী রেজিস্ট্রার জিল্লুর হোসেন রনি, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার শরিফুল ইসলাম অন্তু, সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পাভেল। অন্য চার ব্যক্তি হলেন রংপুরের প্রাইমেট কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল রহমান, এ ওয়ান কোচিং সেন্টারের কর্মকর্তা জামিল উদ্দিন ও আতিকুর রহমান আদিল এবং সাজরাতুল ইয়াদিন রানা।
র্যাব-১৩ সূত্র জানায়, র্যাব গতকাল সোমবার দুপুর এমন কয়েকজন অভিভাবকের সন্ধান পায় যাঁরা মেডিকেল ভর্তির প্রশ্নপত্র সংগ্রহের মাধ্যমে নিজেদের সন্তানদের মেডিকেলে ভর্তির চেষ্টা চালিয়েছেন। গতকাল দুপুর একটার দিকে নগরের সিটি মার্কেট এলাকায় ওই অভিভাবকদের সঙ্গে কথা বলে পরে নগরের বিভিন্ন স্থান থেকে এই সাতজনকে আটক করে র্যাব।
র্যাব বলেছে, এখনো ওই সাতজনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।