মেধাতালিকায় এগিয়ে থেকেও ভর্তির সুযোগবঞ্চিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি-ইচ্ছুক মিঠুন আলীর মেধাতালিকায় অবস্থান ১৩১তম। সাক্ষাৎকারে তাঁর বিষয় পছন্দের তালিকায় ছিল বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ ও দর্শন বিভাগ। কিন্তু গতকাল শনিবার ভর্তির জন্য মনোনীতদের যে তালিকা দেওয়া হয়েছে তাতে তাঁর নাম নেই। মেধাতালিকার প্রথমদিকে থেকেও ভর্তি হতে পারছেন না এই মেধাবী শিক্ষার্থী। অথচ ‘এ’ ইউনিটভুক্ত অনুষদে মোট আসন এক হাজার ২৩টি।
শুধু মিঠুন আলী নন, তাঁর মতো অন্তত ৫০ জন শিক্ষার্থী গতকাল এ রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন। তাঁদের অভিযোগ, জালিয়াতির মাধ্যমে তাঁদের সুযোগবঞ্চিত করা হচ্ছে। অথচ তাঁদের চেয়ে মেধাতালিকায় পেছনে থাকা শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন প্রথম আলোকে বলেন, বিভাগ পছন্দের তালিকায় কমসংখ্যক বিভাগ উল্লেখ করায় এবং বিভিন্ন শর্তের কারণে এসব শিক্ষার্থী কোনো বিভাগ পাননি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।
গতকাল থেকে কলা অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। ৯ ও ১০ নভেম্বর এই ইউনিটের ভর্তি-ইচ্ছুকদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা তাঁদের অভিযোগ নিয়ে গতকাল কলা অনুষদের ডিনের সাক্ষাৎ চেয়েও পাননি। এমনকি শিক্ষার্থীদের লিখিত আবেদনও গ্রহণ করেননি তিনি।
এ বিষয়ে কলা অনুষদের ডিন খন্দকার ফরহাদ হোসেনের বক্তব্য জানতে গতকাল বেলা দেড়টার দিকে তাঁর কার্যালয়ে গেলে তিনি এই প্রতিবেদকের সঙ্গে দেখা করেননি। তিনি পিয়নের মাধ্যমে জানান, তিনি কোনো সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন না। কোনো কথা থাকলে জনসংযোগ দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মেধাতালিকায় ২৭০, ৩০৬, ৩২১, ৩২৩, ৩৩৮, ৩৬২, ৩৯০, ৪১৪, ৪২৪, ৪৬১ ও ৪৭৬তম শিক্ষার্থীসহ আরও কিছু ভর্তি-ইচ্ছুক কোনো বিভাগে সুযোগ পাননি। তবে মেধাতালিকায় ৫৭৬তম সেলিম রেজা, ৫৬৬তম রিতা খাতুন ও ৫২৮তম শারাফত জামান আরবি বিভাগ পেয়েছেন। ভাষা বিভাগ পেয়েছেন ৫০৩তম নমিতা রায়। উর্দু বিভাগ পেয়েছেন ৪৬৪তম মামুন-অর-রশিদ।