পটুয়াখালীর বাউফল উপজেলায় গত রোববার রাতে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। কালিশুরী ইউনিয়নের কালিশুরী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে। আহত যুবলীগ কর্মী মো. আবু বক্কর সিকদার (৩০) মনিহারি দোকানের মালিক।
প্রত্যক্ষদর্শী পাঁচজন বলেন, রোববার রাত সাড়ে আটটার দিকে কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বজলু সিকদারের (৪৫) নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল অতর্কিত যুবলীগ কর্মী আবু বক্করকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আবু বক্কর কালিশুরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল সিকদারের ছোট ভাই। পরে হামলাকারীরা আবু বক্করের দোকান, একটি স্টুডিও, খাবার হোটেল ও সেলুনে ভাঙচুর চালায়। পরে তারা নিতাই চন্দ্র (৩২), বাবুল খান (৪০) ও বজলু গাজী (৫০) নামে আরও তিনজনকে পিটিয়ে আহত করে।
স্থানীয় লোকজনের ভাষ্যমতে, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের বিবাদ চলছে। এ কারণে ঈদুল ফিতরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সহিংসতা এড়াতে এক মাস ধরে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এক পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সাংসদ ও চিফ হুইপ আ স ম ফিরোজের সমর্থকেরা। অন্য পক্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হকের সমর্থকেরা। আহত আবু বক্কর মেয়র পক্ষের কর্মী।
আবু বক্করের ভাই মো. রেজাউল সিকদার বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বজলু সিকদারের নেতৃত্বে এ হামলা হয়েছে।
মো. বজলু সিকদার বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাঁর জানা নেই।
আবু বক্করকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই তাঁকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, আহত ব্যক্তির বাঁ হাতের কবজির রক্তনালি অনেকটা কেটে গেছে। ঘাড়ের বাঁ দিকে ও ডান পায়ের ওপরের অংশে কোপের দাগ রয়েছে।