সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির মেয়র প্রার্থীর বাসার সামনে ও শহরের আরও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
এদিকে একই রাতে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর সমর্থকেরা বিএনপি প্রার্থীর দুজন সমর্থককে মারধর করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে কেউ হতাহত হননি।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে দাড়িয়াপুর, বিসিক বাসস্ট্যান্ড ও দাবারিয়া মহল্লায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। অন্যদিকে, নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে একই রাতে পৌর শহরের রূপপুর এলাকায় বিএনপি মেয়র প্রার্থী নজরুল ইসলামের ভাতিজা টুটুল মিয়া ও কর্মী ইয়াসিন আলীকে দুর্বৃত্তরা মারধর করে আহত করেছে। পরে তাঁদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে ঘুমিয়ে পড়ার পর কে বা কারা আমার বাড়ির সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ওই রাতেই তারা আরও দুটি স্থানে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনী প্রচার শেষে আমার ভাতিজা টুটুল ও কর্মী ইয়াসিন বাড়িতে ফেরার পথে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা ওই দুজনকে বেদম মারধর করে। এ বিষয়ে শাহজাদপুর পৌরসভা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘রাতে ককটেল বিস্ফোরণের শব্দ লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ছাড়া কাউকে মারধর করার বিষয়েও কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে শাহজাদপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।