মেয়রের নির্দেশে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জের গবাদিপশুর হাটে গরু ও ছাগল কেনাবেচায় অতিরিক্ত হাসিল (খাজনা) নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর মেয়র শমসের আলীর নির্দেশে হাসিল আদায় করা হচ্ছে বলে ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় হাটবাজার ইজারা দেওয়ার নির্দেশনায় গরুপ্রতি ২০০ ও ছাগলপ্রতি ৫০ টাকা হাসিল নেওয়ার নিয়ম রয়েছে। ক্রেতার কাছ থেকেই এ অর্থ নেওয়ার কথা। কিন্তু রসুলগঞ্জ হাটে পৌর কর্তৃপক্ষের নির্দেশে গরুপ্রতি ৫০০ ও ছাগলপ্রতি ১০০ টাকা করে হাসিল আদায় করা হচ্ছে। ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের কাছ থেকে ভাগাভাগি করে এ অর্থ আদায় করা হয়।
গত রোববার রসুলগঞ্জ গরুর হাটের হাসিল আদায়কারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটে একটি গরু বিক্রি হলে ক্রেতার কাছ থেকে ৩০০ ও বিক্রেতার কাছ থেকে ২০০ টাকা করে আদায় করা হচ্ছে। তবে রসিদে টাকার অঙ্ক লেখা হচ্ছে না। একইভাবে ছাগলের হাসিল আদায়কারীও বলেন, প্রতিটি ছাগল বিক্রি থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।
গরু ব্যবসায়ী লিচু মিয়া বলেন, ‘দেশে অনেক হাটে গরু কিনতে যাই। গরু কিনে বিভিন্ন জেলার হাটবাজারে বিক্রি করি। এই হাট থেকেও আগে গরু কিনেছি। তখন ২০০ টাকা দিয়ে রসিদ করেছিলাম। কিন্তু হঠাৎ গত বৃহস্পতিবার হাট থেকে গরু কিনে রসিদ নিতে গিয়ে শুনি ৩০০ টাকা দিতে হবে। আবার বিক্রেতাকেও ২০০ টাকা দিতে হয়েছে। এটাই নাকি এখানকার নিয়ম। এ ধরনে নিয়ম অন্য কোনো হাটবাজারে দেখি নাই।’
নিয়মের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ স্বীকার করে পাটগ্রাম পৌর মেয়র শমসের আলী বলেন, জেলা প্রশাসকের অনুমতি নিয়েই এ হাসিল আদায় করা হচ্ছে।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, যে হাসিল নেওয়া হচ্ছে, তা রসিদ লিখতে হবে। তিনি আরও বলেন, ‘কাউকে গরুপ্রতি ৫০০ টাকা নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৫০০ টাকা হাসিল করার প্রস্তাব পাঠিয়েছি। মেয়র সাহেব এর অনুমোদন নিয়েছেন কি না, জানি না।’
পৌরসভা সূত্রে জানা গেছে, গত বছর রসুলগঞ্জ হাটবাজারটি ১ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৫০০ টাকায় ইজারা দিয়েছিল পৌর কর্তৃপক্ষ। কিন্তু চলতি বছর চার দফায় দরপত্র আহ্বান করা হলেও মাত্র একটি দরপত্র বিক্রয় হয়। এতে মাত্র ৮০ লাখ ৫১ হাজার ৮০০ টাকা দাম ওঠায় পৌর কর্তৃপক্ষ ইজারা না দিয়ে ১৪ এপ্রিল থেকে হাসিল আদায় শুরু করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি তাঁর জানা নেই।