মেয়রের বিরুদ্ধে এবার প্যানেল মেয়রের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন পৌরসভার প্যানেল মেয়র (১) প্রণব কুমার নাথ। মেয়রের ওপর থেকে সাময়িক বরখাস্তের প্রত্যাহার আদেশ ঝালকাঠি পৌঁছানোর আট ঘণ্টার মাথায় এ মামলা হলো। আফজাল হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সদর থানায় গতকাল মঙ্গলবার রাত নয়টায় এ মামলা করা হয়। মামলায় মেয়র ছাড়াও মেয়রের বড় ভাই জেলা আওয়ামী লীগ সহসভাপতি আলমগীর হোসেন, ছোট ভাই শ্রমিক লীগ নেতা আউয়াল হোসেন ও মেয়রের বড় ভাইয়ের ছেলে যুবলীগ নেতা সাজ্জাতুল আলমকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় মেয়র আফজাল হোসেন গতকাল পৌরসভায় যাননি।
মামলায় প্রণব কুমার নাথ অভিযোগ করেন, গত ২৮ মার্চ রাতে শহরের পোস্ট অফিস সড়কে মেয়র তাঁর দুই ভাই ও ভাইয়ের ছেলেসহ অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে তাঁর ওপর আক্রমণ চালান। এ সময় মেয়র তাঁকে লক্ষ্য করে শটগান দিয়ে গুলি করেন। তখন তাঁর শ্যালক শিবব্রত দাসের পায়ে গুলি লাগে। শিবব্রতকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা বলেন, প্রাথমিকভাবে প্যানেল মেয়রের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আফজাল হোসেন বলেন, বহিষ্কার আদেশ তুলে নেওয়ার পরও যাতে মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালন করতে না পারেন, সে জন্য এই মামলা করা হয়েছে।
চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় আফজাল হোসেন ২০ দিন কারাগারে আটক ছিলেন। আটক অবস্থায় গত ১৯ মার্চ তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। মন্ত্রণালয় গত সোমবার এ আদেশ প্রত্যাহার করে।