মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে অসুস্থ ব্যক্তি মারা গেছেন
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা বাজারে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়ায় অসুস্থ হয়ে পড়া লোকটি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম তাজেম আলী হাওলাদার (৬৫)। তিনি নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন, পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২২ জুলাই সকালে তাজেম আলী হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য নওমালা বাজারে মেসার্স পপুলার ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে যান। দোকানের মালিক নারায়ণ চন্দ্র রায় সে সময় তাঁকে একটি ইনজেকশন দেন। সঙ্গে সঙ্গে তাজেম আলী অচেতন হয়ে পড়েন। পরে দেখা যায়, ইনজেকশনটি ছিল মেয়াদোত্তীর্ণ। ওই দিনই তাজেম আলীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ২৪ জুলাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাজেম আলীর বড় ছেলে লাল মিয়া বলেন, ‘বুধবার সকালে চিকিৎসক আমাদের জানান, রোগীর অবস্থা শেষ পর্যায়ে আছে। তাই ঢাকা থেকে তাঁকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। বগা লঞ্চঘাটে নামার সময় গতকাল ভোরে বাবা মারা যান।’
২২ জুলাই এ ঘটনার পর জড়িত ব্যক্তির শাস্তির দাবিতে রোগীর পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান। পরে ওই ওষুধের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ আরও কিছু ওষুধ জব্দ করা হয়।
ইউএনও বলেন, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন রাখার দায়ে ওই দিনই ওই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৩ জুলাই প্রথম আলোয় ‘ভুয়া চিকিৎসকের কারণে রোগী অসুস্থ, বিক্ষোভ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।