মেয়াদোত্তীর্ণ রাবার বাঁধ, হুমকিতে বোরো আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদের ওপর স্থাপিত রাবার বাঁধের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চলতি মৌসুমে ১০ হাজার একর বোরো আবাদ হুমকির মুখে রয়েছে। কৃষকেরা নতুন রাবার ব্যাগ প্রতিস্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী, কৃষি কার্যালয় ও ভোগাই নদ পানিব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে উপজেলার জামিরাকান্দা এলাকায় ভোগাই নদের ওপর ১০ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দৈর্ঘ্যের রাবার বাঁধ ও সেতু নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে এ বাঁধের মাধ্যমে আট কিলোমিটার নদের উজানে পানি মজুত করা হয়। এই পানি ১১টি খালের মাধ্যমে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ১০ হাজার একর আবাদি জমি সেচসুবিধা দেয়।

স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, এ ব্যাগের মেয়াদ ধরা হয় ১৫ থেকে ১৮ বছর। ইতিমধ্যে এই ব্যাগের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দুই বছর আগে একবার এবং চলতি বছর ব্যাগের পাঁচটি ছিদ্র মেরামত করা হয়েছে। এ ছাড়া ব্যাগের নিচের অংশে আরও একটি ছিদ্র আছে। পানি মজুত থাকায় ব্যাগের মেরামত করা সম্ভব নয়। এ বছর এই ব্যাগের মাধ্যমে পানি ধরে রাখা গেলেও আগামী বছর পানি মজুত করা সম্ভব হবে না। ফলে সেচসংকটে পড়বে বোরো আবাদ। এতে আশঙ্কায় পড়েছেন প্রায় আট হাজার কৃষক।

মরিচপুরান এলাকার কৃষক নুরুল হক বলেন, ‘শুরু থাইকা রাবার ড্যামের পানি দিয়া শুষ্ক মৌসুমে এলাকার কৃষক নিশ্চিন্তে বোরো আবাদ করে। কিন্তু রাবার ড্যাম পুরাতন অইয়া যাওয়ানে এইবার পানি মজুত করতেই দেরি অইছে। আবার যদি বাঁধ ছেদ্রি অইয়া যায়, তাইলে আমগর কপালে মেলা বিপদ আছে। মতিয়া আপা আমগরে রাবার ড্যাম কইরা চাষবাস করবার সুযোগ দিছেন। আমরা আশা করি তিনি আমগরে এই মছিবত থাইকা উদ্ধার করবাইন।’ উপজেলা প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, বর্তমানে একটি ব্যাগের মূল্য প্রায় তিন কোটি টাকা। ভবিষ্যতে সেচসুবিধা পেতে নতুন ব্যাগের কোনো বিকল্প নেই।