মেয়েকে অপহরণ করে মুক্তিপণ আদায় বাবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ে অপহরণ হয়েছে বলে পরিবারের সদস্যদের জানান বাবা। বলেন, অপহরণকারীরা দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন। পরে মেয়ের দাদা অর্থাৎ নিজের বাবার কাছ থেকে মুক্তিপণের টাকা নিয়ে উদ্ধার করে আনেন মেয়েকে। মেয়েকে উদ্ধারের পর বাদী হয়ে থানায় মামলাও করেন। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে বাবা নিজের মেয়েকে অপহরণের নাটক সাজিয়েছেন টাকার জন্য।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারার ঝিকরা ইউনিয়নের সেউজবাড়ি গ্রামে।
পুলিশ ওই বাবাকে আটক করেছে। তিনি সেউজবাড়ি গ্রামের আজিজার রহমানের ছেলে মামুনুর রশিদ। আজ বৃহস্পতিবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি নথিভুক্ত করার জন্য রাজশাহীতে নেওয়া হলেও ওই মামলার বাদী হওয়ায় হাকিম তাঁর জবানবন্দি গ্রহণ করেননি। পরে সন্ধ্যায় তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগমারা থানার পুলিশ জানায়, গত ৪ জুন মামুনুর রশিদ তাঁর সাত বছরের মেয়ে মনিরা খাতুনকে অপহরণ করে এক বন্ধুর বাড়িতে আটকে রাখেন। মুঠোফোনের মাধ্যমে দেড় লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়েছে বলে তিনি পরিবারের অন্য সদস্যদের জানান। মুক্তিপণের টাকা দেওয়া না হলে মেয়েকে জীবিত পাওয়া যাবে না বলেও তিনি পরিবারের সদস্যদের জানান। পরে তিনি তাঁর পিতার কাছ থেকে মুক্তিপণের ‘দেড় লাখ টাকা’ নিয়ে উদ্ধারের জন্য অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। পরের দিন ৫ জুন রাতে মেয়েকে উদ্ধার করে আনেন। মেয়েকে উদ্ধারের পরের দিন তিনি থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। সেখানে ওই মুঠোফোন নম্বরও দেওয়া হয়।
এ ঘটনার পর পুলিশ অভিযোগের তদন্ত শুরু করে। মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে পুলিশ। অভিযোগে উল্লেখ করা মুঠোফোনের ওই নম্বরের সঙ্গে মেয়ের বাবার যোগাযোগের এবং তাঁর জড়িত থাকার বিষয় নিশ্চিত হয়ে গতকাল বুধবার রাতে পুলিশ নিজ বাড়ি থেকে মামুনুরকে আটক করে।
থানার উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, মামুনুর রশিদ পুলিশের কাছে নিজের মেয়েকে অপহরণের কথা স্বীকার করেছেন। পিতার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য মেয়েকে অপহরণের নাটক সাজিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তিনি।