মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে মা খুন!
এবার সিরাজগঞ্জের তাড়াশে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে মা খুন হয়েছেন। এ হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে।
নিহত ওই নারীর নাম খুশি বেগম (৪৫)। তাঁর স্বামীর নাম কামরুল ইসলাম। উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামে তাঁদের বাড়ি।
তাড়াশ থানার পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের আবু হানেফ আলী (৪৫) নামে এক ব্যক্তি খুশি বেগমের মেয়েকে মাঝে মধ্যে উত্ত্যক্ত করত। কয়েক দিন আগে ওপর যৌন নির্যাতনেরও অপচেষ্টা চালানো হয়। মেয়ে বিষয়টি মাকে জানালে খুশি বেগম আজ দুপুরে হানেফের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। এতে হানেফ আলীর স্ত্রী নিরালা বেগম ও তার বোন রহিমার সঙ্গে খুশি বেগমের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে নিরালা ও রহিমা ক্ষিপ্ত হয়ে খুশিকে লাঠি দিয়ে বেদম মারধর করেন। এতে ঘটনাস্থলে খুশি বেগম মারা যান।
নওগাঁ ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সামাদ খন্দকার বলেন, এ ঘটনার পর থেকে হানেফের বাড়ির সবাই পলাতক।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিরালা বেগম ও রহিমা খাতুনকে আটক করা হয়েছে। খুশির লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখার সময় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।