মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা পুরাতন বাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা আড়াইটার দিকে মা আয়েশা সিদ্দিকা (২৫) ও মেয়ে রাইসা সিদ্দিকার (সাড়ে ৫ বছর) মরদেহ উদ্ধার করা হয়। তারা আশা নামে একটি বেসরকারি সংস্থার কর্মী আপেল উদ্দীনের স্ত্রী ও মেয়ে। আপেল উদ্দীনের বাড়ি শিবগঞ্জের রানীহাটি এলাকায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তুজা জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে আয়েশা ও রাইসার মরদেহ উদ্ধার করে। রাইসার মরদেহ বিছানায় পড়ে ছিল। আয়েশা সিদ্দিকার মরদেহ পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আয়েশা সিদ্দিকার স্বামী আপেল উদ্দীনকে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি জানান, আয়েশা সিদ্দিকার মাসহ আত্মীয়স্বজনেরা জানান, আয়েশা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।