মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে এসে নারী খুন
চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের গুলিতে আনোয়ারা বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পল্লানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল বৃহস্পতিবার জনতা স্থানীয় একটি ইটভাটা থেকে তিন ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (৪০), আবুল কাসেম (৩৫) ও রেজাউল করিম (৩৬)।
নিহত নারীর স্বজনদের ভাষ্যমতে, হাফেজ আহমদ নামের এক ব্যক্তিকে হত্যা করতে এসে দুর্বৃত্তরা ভুলক্রমে আনোয়ারা বেগমকে হত্যা করেছে।
হাফেজ আহমদ আনোয়ারা বেগমের মেয়ের শ্বশুর। গত নভেম্বর মাসে আনোয়ারা বেগম মেয়ের শ্বশুরবাড়ি সাতকানিয়ায় বেড়াতে আসেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বামুটিয়া গ্রামে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম দক্ষিণ) মো. হাবিবুর রহমানসহ পুলিশের অপরাধ তদন্ত শাখা (সিআইডি), গোয়েন্দা শাখা (ডিবি) ও সাতকানিয়া থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে গত পবিত্র ঈদুল আজহার দিন স্থানীয় একটি ইটভাটার মালিক নজরুল ইসলাম ওরফে মানিকের লোকজন হাফেজ আহমদকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় নজরুলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এ নিয়ে নজরুল ও হাফেজের মধ্যে বিরোধ চলে আসছে।
হাফেজ আহমদের মেয়ে নুসরাত সাদিয়া (১৮) প্রথম আলোকে বলেন, ‘রাত আনুমানিক তিনটার দিকে আমার কক্ষের জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় চিৎকার করলে সন্ত্রাসীরা পশ্চিম পাশের কক্ষের জানালা ভেঙে আবার গুলি করে। এ সময় আমার বড় ভাইয়ের শাশুড়ি কপালে গুলিবিদ্ধ হন। পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
হাফেজ আহমদ বলেন, ‘নজরুলের বিরুদ্ধে মামলা করায় দেড় মাস আগে তাঁর লোকজন আমাকে মেরে ফেলার হুমকি দেয়। গতকাল তারা আমাকে মারতে এসে ভুলক্রমে আমার আত্মীয়কে গুলি করে হত্যা করেছে।’
নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি চট্টগ্রাম শহরে আছি। এ বিষয়ে আমি কিছু জানি না। এসব অভিযোগ আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, স্থানীয় লোকজন তিন ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয় লোকজন এ ঘটনার জন্য স্থানীয় একটি ইটভাটার মালিককে দায়ী করছেন। কিন্তু এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্ত ছাড়া তা বলা যাবে না।