ভুয়া দুদক কর্মকর্তা আটক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে দুজনকে আটক করেছে দুদকের একটি দল। আজ বুধবার সকালে রাজধানীর পূর্ব নাখালপাড়া থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. মাহমুদুর রশীদ ও মো. কাওছার আহমেদ।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, সকাল সাড়ে আটটার দিকে দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল পূর্ব নাখালপাড়া থেকে এই দুজনকে আটক করে।
আটক হওয়া প্রতারকেরা বিভিন্ন জনের কাছ থেকে দুদকের মামলা, অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হবে—এমন কথা বলে আর্থিক সুবিধা নিচ্ছিলেন। বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পর টেলিফোন ট্র্যাক করে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া দুজনকে দুদক প্রধান কার্যালয়ে রাখা হয়েছে। মামলার পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান প্রণব কুমার ভট্টাচার্য।