মেরাদিয়া বস্তিতে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেরাদিয়ার মধ্যপাড়ায় একটি বস্তিতে সাত বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ ওঠা ব্যক্তিকে ওই বস্তির বাসিন্দারা পিটুনি দিয়ে আটকে রাখে বলে জানা গেছে।
হাসপাতালে শিশুটির মা-বাবা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তাঁদের মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। গত বুধবার দুপুরে বিদ্যালয় ছুটির পর মেয়ে বস্তিতে আসে। এ সময় তাঁরা স্বামী-স্ত্রী বাইরে কাজে ছিলেন। এই সুযোগে পাশের ঘরের বাসিন্দা তাঁদের ঘরে এসে মেয়ের মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। গতকাল সন্ধ্যায় মেয়ের অবস্থার অবনতি হলে তার কাছে জিজ্ঞাসা করে তাঁরা বিষয়টি জানতে পারেন। এরপর আশপাশের লোকজন অভিযুক্ত ব্যক্তিকে ধরে পিটুনি দিয়ে বস্তিতে আটকে রাখে। তাঁরা শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
রাত একটায় যোগাযোগ করা হলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনা শুনে রাতে ওই বস্তিতে পুলিশ গেলেও কেউ মুখ খোলেনি। বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। নিশ্চিত হওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে ব্যক্তিকে আটক রাখার কথা শোনা গিয়েছিল, তাকেও পাওয়া যায়নি।