অবৈধভাবে আয়োজিত তাঁত ও বস্ত্র মেলা বন্ধ করে দেওয়ায় কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা তালা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এই ঘটনা ঘটে। এ সময় ইউএনও সেখানে ছিলেন না।
তিতাস উপজেলা প্রশাসনের অন্তত তিনজন কর্মকর্তা ও পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ-সংলগ্ন গুইনপুর মাঠে তাঁত ও বস্ত্র মেলার আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরনবী। প্রশাসনের অনুমতি না নিয়েই ওই মেলার আয়োজন করা হয়। এ ছাড়া মেলার নামে সেখানে চলছিল জুয়া খেলা। জেলা প্রশাসনের কাছে ওই অভিযোগ এলে গত শনিবার কুমিল্লা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে ওই মেলা বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সোমবার বেলা ১১টায় ইউএনও কার্যালয়ে তালা দেওয়া হয়। এ সময় সেখানে উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি পারভেজ হোসেন সরকার, নূরনবীসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় তিতাস থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এরপর নূরনবী তালা খুলে দেন।
ইউএনওর কার্যালয়ে তালা দেওয়ার কথা স্বীকার করে পারভেজ হোসেন বলেন, ‘ইউএনও কাজের ব্যাপারে কারও সঙ্গে সমন্বয় করেন না। সিসি ক্যামেরা স্থাপন করার জন্য প্রকল্প চাইলে তিনি তা অনুমোদন করেননি। নিজের খেয়ালমতো তিনি প্রকল্প দেন। এসব বিষয়ে সোমবার সকালে তাঁকে ফোন করা হলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। এর সঙ্গে মেলা বন্ধের কোনো সংশ্লিষ্টতা নেই।’
নূরনবী বলেন, ‘ইউএনও বিভিন্ন সভায় আমাদের হেয় করে কথা বলেন। মেলায় অবৈধ কোনো কিছু হচ্ছে বলে তিনি দাবি করেন।’
এসব অভিযোগের বিষয়ে ইউএনও মকিমা বেগম বলেন, ‘অবৈধ মেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁত ও বস্ত্র মেলার নামে সেখানে জুয়া হচ্ছিল, তাই সেটি বন্ধ করে দেওয়া হয়। ওই কারণে তাঁরা আক্রোশবশত আমার কার্যালয়ে তালা দেয়। যাঁরা প্রকল্প নিয়ে কথা বলছেন, প্রত্যেকের প্রকল্প বিধিমোতাবেক বাস্তবায়ন করা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।’
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, ‘কোনো সরকারি দপ্তরে কারও তালা মারার এখতিয়ার নেই। যারা এ ধরনের কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও আমাকে বিষয়টি জানিয়েছেন। ইউএনও ব্যক্তিগতভাবে অন্যায় করলে এক রকম ব্যাপার, তাই বলে দপ্তরে তালা দেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না।’