মেলা বন্ধ করে দিল পুলিশ প্রশাসন
রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে শুরু হওয়া মাসব্যাপী বস্ত্র ও কারুপণ্য মেলা গত শনিবার রাতে বন্ধ করে দিয়েছে পুলিশ-প্রশাসন। মেলায় জুয়া ও অশ্লীল নৃত্য পরিবেশন শুরু হলে এ পদক্ষেপ নেওয়া হয়।
গত ২৮ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতারা, কলেজের অধ্যক্ষ ও গোয়ালন্দ ঘাট থানার ওসিও উপস্থিত ছিলেন।
এদিকে মেলায় র্যাফল ড্র অনুষ্ঠানে শনিবার মোটরসাইকেল পুরস্কারের ঘোষণা শুনে শত শত মানুষ ২০ টাকা করে এর টিকিট কেনেন। কিন্তু হঠাৎ করে রাতে মেলা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, মেলার আয়োজকেরা নিয়মের তোয়াক্কা না করে দু-তিন দিন ধরে ম্যাগাজিন অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য পরিবেশন শুরু করেন। এ ছাড়া অবৈধভাবে তাঁরা র্যাফল ড্র ছাড়েন। এসব কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া মেলা করার জন্য প্রশাসনের কোনো অনুমোদন ছিল না।
মেলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম কাজল বলেন, ‘মেলা করার অনুমতির জন্য গত বৃহস্পতিবার রাতে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশসহ জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই অনুমতির কাগজ হাতে পেয়ে যাব। এ ছাড়া পুলিশ প্রশাসন মেলায় অশ্লীল নৃত্যের যে অভিযোগ এনেছে, তা সত্য নয়।’
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে মেলার আয়োজন করাটা অবৈধ।