মেলান্দহে চাঁদাবাজির মামলায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে জামালপুরের মেলান্দহ উপজেলা সাব-রেজিস্ট্রারকে মারধর ও তাঁর কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় গতকাল শনিবার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারহান জাহেদী (৪৭) ও মেলান্দহ পৌর শহরের বাসিন্দা আবদুল মালেক (৪৫)।
পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে ফারহান জাহেদী তাঁর সহযোগী আবদুল মালেক ও রবিজলকে নিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে সাব-রেজিস্ট্রার মো. নূরে আলমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নূর আলমকে মারধর ও কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন অভিযুক্ত ব্যক্তিরা। এ ঘটনায় ওই রাতেই সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী মহসিন আলী ওই তিনজনের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।