জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জের ধরে এক স্কুলছাত্রকে প্রতিপক্ষ পানিতে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুরের মেলান্দহে নিহত ছাত্রের নাম মোহাম্মদ তাওহিদ (৮)। সে মেলান্দহ উপজেলার শেখসাদি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। পরিবারটি ঢাকায় থাকে। ঈদ করতে তারা গ্রামের বাড়িতে এসেছিল। তাওহিদ গাজীপুর জিলা স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহত তাওহিদের দাদা আবু বক্কর বলেন, ‘দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিবেশী মো. ছাত্তার মিয়ার সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। গত সোমবার সকালে ছাত্তার মিয়া তাঁর নাতিদের নিয়ে পাশের রৌমারী নদীতে নৌকা নিয়ে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় তিনি কৌশলে তাঁর নাতি তাওহিদকে নৌকায় ঘোরানোর কথা বলে নিয়ে যান। নৌকা থেকে ফেলে দিয়ে ছাত্তার তাঁর নাতিকে হত্যা করেছেন। তাঁর নাতি পানি থেকে একাধিকবার নৌকায় উঠতে চাইলেও ছাত্তার তাঁর নাতিকে নৌকায় উঠতে দেননি।’ এই অভিযোগের বিষয়ে চেষ্টা করেও মো. ছাত্তারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে পুলিশ তাওহিদদের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তারপরও পরিবারের সন্দেহ দূর করার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজারের কুলাউড়ায় নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক আসাদ আলী (১৯) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের উম্মর আলীর ছেলে। এ ব্যাপারে গত সোমবার রাতে কুলাউড়া থানায় হত্যা মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর সকালের দিকে স্থানীয় রবির বাজার এলাকায় আসাদের গাড়িতে অজ্ঞাতনামা তিনজন যাত্রীকে দেখা যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পাওয়ায় পরদিন পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর চার দিন পর সোমবার সকালে টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগানের রাবারবাগানের ভেতরে গলাকাটা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বজনেরা গিয়ে লাশটি আসাদের বলে শনাক্ত করেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে কুলাউড়া থানার ওসি শামীম মুসা বলেন, মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার রাতে আসাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উদ্ধার হওয়া লাশটি নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুনবাজার গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে এরশাদ হোসেনের (২২)। পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার একটি কারখানায় কাজ করতেন এরশাদ হোসেন ও ঈশ্বরগঞ্জের নিজপুবাইল গ্রামের আবদুল হালিম। গত বৃহস্পতিবার হালিমের বাড়িতে বেড়াতে আসেন এরশাদ। গতকাল মঙ্গলবার সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে হালিমের বাড়ির কাছের একটি পুকুরে এরশাদের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এরশাদের বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।