জামালপুরের মেলান্দহ উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। উপজেলার শ্যামপুর ইউনিয়নের টুপকারচর গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটেছে।
এ সময় এক পক্ষ আরেক পক্ষের একটি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তিরা হলেন টুপকারচর গ্রামের মো. মুরাদুজ্জামান (৪০) এবং শাহজাদপুর গ্রামের হারুন অর রশিদ। জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে উপজেলার টুপকারচর গ্রামের লোকজন যাতায়াতের জন্য শাহজাদপুর গ্রামের ফসলের মাঠ দিয়ে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়।
শুরুতেই এ কাজে বাধা দেন শাহজাদপুর গ্রামের লোকজন। এ নিয়ে ওই সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।
গতকাল সকালে টুপকারচর গ্রামের লোকজন আবার রাস্তা নির্মাণের জন্য মাটি কাটার কাজ শুরু করে। শাহজাদপুর গ্রামের লোকজন বাধা দেওয়ায় গতকাল বেলা একটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ সময় টুপকারচর গ্রামের লোকজন প্রতিপক্ষের নূরজাহান বেগমের বাড়িতে অগ্নিসংযোগ করে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মুরাদু্জ্জামান ও হারুন অর রশিদ নিহত হন।
বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
টুপকারচরের আশরাফ আলী চান অভিযোগ করেন, ‘আমরা ওই রাস্তা নির্মাণের জন্য মাটি কাটতে গেলে শাহজাদপুর এলাকার লোকজন আমাদের ওপর হামলা চালায়। আমরা বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়।’
শাহজাদপুর গ্রামের আবু তালেব বলেন, ‘টুপকারচর গ্রামের লোকজন আমাদের জমিতে রাস্তা নির্মাণ করতে চায়। রাস্তা নির্মাণে তাঁরা (শাহজাদপুরের লোকজন) বাধা দেওয়ায় সংঘর্ষ হয়েছে।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।