মেলান্দহে পিটুনিতে গৃহবধূর মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় গত শুক্রবার পিটুনিতে গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক।
নিহত গৃহবধূর নাম মহিরন বেগম (৩৫)। তিনি উপজেলার নয়ানগর এলাকার ছেন্না গ্রামের মুক্তা খলিফার (৪০) স্ত্রী ও ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বিকেলে মহিরন বেগমকে মারধর করেন তাঁর স্বামী মুক্তা খলিফা। এতে গুরুতর আহত মহিরনকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম বলেন, গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে খলিফা পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।