মেলান্দহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ পৌর যুবলীগের নেতা মাহমুদুর রহমানকে (২৪) কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাঁর চাচাতো ভাই মাহফুজ মিয়াকে (২৭) আটক করেছে। গতকাল সোমবার রাত সাড়ে সাতটার দিকে চাকদহ সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মাহমুদুর রহমান চাকদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি মেলান্দহ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবার নাম আবু সাঈদ। গুরুতর আহত অবস্থায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মাহমুদুর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাই মাহফুজ মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গতকাল সন্ধ্যার দিকে বাড়িতে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় মাহমুদুর রহমানকে দা দিয়ে কোপ দেন মাহফুজ। আহত অবস্থায় আত্মীয়স্বজনেরা উদ্ধার করে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নিয়ে গিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাহফুজ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মাহফুজ মিয়াকে আটক করেছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।