মেলায় খুন, উত্ত্যক্ত, ছিনতাই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের শালতলা এলাকায় জেলা পরিষদের মাঠে সপ্তাহব্যাপী বৈশাখী মেলায় বখাটেদের উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বখাটেরা নারীদের উত্ত্যক্ত করছে। ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। গত শুক্রবার রাতে সেখানে এক বেকারিশ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত শ্রমিকের নাম সোহেল হাওলাদার (২২)। তিনি বাগেরহাট সদরের গোবরদিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে। ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার দুপুরে সোহেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোহেলের বড় ভাই সোহাগ হাওলাদার বলেন, ‘আমরা দুই ভাই বাগেরহাট শহরের শালতলা মোড়ে পাশাপাশি অবস্থিত দুটি ফাস্টফুডের দোকানে কাজ করি। শুক্রবার রাত নয়টার দিকে দোকান বন্ধ হয়ে গেলে আমরা একসঙ্গে মেলায় যাই। কিছুক্ষণ পর আমি বাড়ি চলে আসি। রাত সোয়া নয়টার দিকে পূর্বশত্রুতার জের ধরে রবি, ইয়াসিন, আল আমিন, জাহিদুলসহ সাত-আট যুবক মেলার মাঠে সোহেলকে কুপিয়ে হত্যা করে।’ বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
মেলা থেকে ফিরে কয়েকজন নারী জানান, পয়লা বৈশাখে শুরু হওয়া মেলায় প্রতিদিন সন্ধ্যার পর গান বাজিয়ে বখাটেরা নাচানাচি করে। এ সময় নারীদের উত্ত্যক্ত করা হয়। সুযোগ পেলেই ছিনতাই করা হচ্ছে। প্রকাশ্যে মাদক সেবনও চলছে। এসব ঘটনায় মানুষ অতিষ্ঠ।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম গতকাল প্রথম আলোকে বলেন, দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের সুপারিশ থাকায় র্যা ফল ড্রর মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এখন থেকে রাত ১০টার মধ্যে মেলা শেষ করতে সংশ্লিষ্ট লোকজনকে নির্দেশ দেওয়া হয়েছে।