মেলায় লটারির ফাঁদে মানুষ

ভোলা শহরে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলায় লটারির ফাঁদে পড়ে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলা শহরের গজনবী স্টেডিয়ামে ৫ এপ্রিল থেকে মাসব্যাপী ওই মেলা চলছে।
লটারির নামে জুয়া বন্ধে জেলা ব্যবসায়ী সমিতি, দোকান কর্মচারী ইউনিয়ন ও ইমান-আকিদা সংরক্ষণ কমিটি বিক্ষোভ, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ ও সংবাদ সম্মেলন করে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। শহরের যুগীরঘোল থেকে কালীনাথ রায়ের বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা দ্রুত লটারি বন্ধের দাবি জানান। না হলে হরতাল ও অবরোধের হুমকি দিয়েছেন।
জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বলেন, ‘মেলা কমিটি তাঁদের কাছ থেকে আলাদাভাবে প্রতিদিন লটারি চালানোর অনুমতি নেয়নি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা অনুমতি এনেছে। সেখানে লটারি চালানোর অনুমোদন আছে কি না জানা নেই।’
কমপক্ষে ৮০ জন লোক বলেন, মেলা শুরু হওয়ার পর থেকে চুরি বেড়ে গেছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে বেচাকেনা কমে গেছে। সাধারণত দারিদ্র্যসীমার নিচে বসবাস করা দিনমজুরেরা লটারি কিনে পুরস্কার না পাওয়ায় সংসারে অশান্তি বাড়ছে।
মেলা আয়োজক কমিটি সূত্র জানায়, প্রতিদিন ২৫-৩০ লাখ টাকার লটারির টিকিট বিক্রি হচ্ছে। পুরস্কার দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৫ লাখ টাকার। এ জন্য হাজার হাজার টাকার টিকিট কিনে অনেকে নিঃস্ব হচ্ছেন।
সদর উপজেলার দক্ষিণ রাজাপুরের কৃষক আলম মিজি চার হাজার টাকা, পূর্ব ইলিশার জংশন বাজারের সাধন স্বর্ণকার ৩০ হাজার টাকা, জেলে আল-আমিন মাঝি চার হাজার টাকার টিকিট কিনে পুরস্কার পাননি বলে জানান। তাঁরা সুদের ওপর ঋণ ও বেসরকারি সংস্থার কাছে ঋণ করে লটারির টিকিট কিনেছেন।
মেলার পরিচালক তারেক আহমেদ বলেন, ভোলা চেম্বার অব কমার্স মেলায় সার্কাস, শিশুদের রাইড, র্যা ফেল ড্রসহ অন্যান্য ইভেন্ট চালানোর অনুমোদন দিয়েছে। র্যা ফেল ড্রর টিকিট যা-ই বিক্রি হোক, তাতে প্রতিদিন ৮-৯ লাখ টাকার খরচ আছে। তাঁরা খুব বেশি লাভে নেই।
বেসরকারি সংস্থা গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, বাণিজ্য মেলায় লটারি চালু হওয়ার পরে তাঁদের কিস্তি আদায় কমেছে এবং নতুন ঋণের পরিমাণ বেড়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সমবায় ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের মোল্লা বলেন, নদীর মাছের ওপর ভোলার ৮০ শতাংশ মানুষ চলছে। মার্চ-এপ্রিল মাছ ধরা বন্ধ। এ অবস্থায় মানুষের সঞ্চিত টাকা লটারিতে শেষ হচ্ছে।
ভোলা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন বলেন, ‘র্যা ফেল ড্র সরকার অনুমোদিত, এটি স্কুলেও হয়। মাত্র ২০ টাকার একটি টিকিট। এটি কেনা না-কেনা মানুষের স্বাধীনতা। কাউকে জোর করা হচ্ছে না। মেলায় অশ্লীল কিছু নেই, যা আছে লটারি।’