মেলার নামে চলছে জুয়া প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আনন্দ মেলার নামে চলা জুয়া খেলা ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল শনিবার নওদাপাড়া বাজার এলাকায় স্থানীয় যুবমৈত্রীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এর আগে এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিবৃতি দিয়েছেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও রাজশাহী সিটি করপোরেশনের সাতজন কাউন্সিলর। এ ছাড়া মেলার শুরুতে নগরের দেড় হাজারের বেশি মানুষের স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে দেওয়া হয়।
গত ২১ মে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন নওদাপাড়া বাস টার্মিনালে আনন্দ মেলার উদ্বোধন করেছেন। নগরের নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন আনন্দ মেলার নামে এ আয়োজন করেছে। এ ছাড়া ২ মে থেকে নগরের শ্রীরামপুর এলাকায় কালেক্টরেট মাঠে চলছে বাণিজ্য মেলার সঙ্গে চলছে হাউজি খেলা ও র্যা ফল ড্র।
আনন্দ মেলার নাম জুয়া খেলা ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল শনিবার বিকেল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নগরের শাহমখদুম থানা যুবমৈত্রীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শাহমখদুম থানার সভাপতি মিজানুর রহমান। মনাববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় যুবমৈত্রীর নেতা শাহেদ হোসেন, আসাদুজ্জামান, আবদুল ওয়াদুদ খান, সেলিম রেজা খান প্রমুখ। বক্তারা মেলার নামে জুয়া, হাউজি ও যাত্রার নামে অশ্লীলতা বন্ধের দাবি জানান। তাঁরা বলেন, এতে একদিকে মানুষ নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে, অপর দিকে যুবসমাজ অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে।
এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘মেলা মননশীল মানুষের বিনোদন এবং নিত্যপ্রয়োজনীয় জীবনের খোরাক জোগায়। কিন্তু রাজশাহীর পৃথক দুটি স্থানে বাণিজ্য মেলা ও আনন্দ মেলার নামে যা হচ্ছে তা বিবেক বিবর্জিত, অসামাজিক এবং অশ্লীল। এর মধ্য দিয়ে আমরা আমাদের তরুণ ও যুবক সম্প্রদায়কে বিপথগামী করছি। এর দায় আমরা কোনোভাবেই এড়াতে পারি না। আমি মনে করি এখনই এসব বন্ধ হওয়া উচিত।’
শুক্রবার হাসান আজিজুল হক এক বিবৃতিতে মেলার নামে অনৈতিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘এটা চলতে থাকলে ইতিমধ্যেই আমাদের নিম্নমুখী নৈতিকতা বোধ অধঃপতনের চরম সীমায় পৌঁছে যাবে।’
১ জুন সিটি করপোরেশনের সাতজন কাউন্সিলর এই অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং এসব বন্ধ করার দাবি জানান।