মেলার নামে বন্ধ হচ্ছে শিশুদের খেলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার জাতিসংঘ শিশুপার্ককে মেলার মাঠ বানানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সে কারণে পুরাতন নকশা বাদ দিয়ে নতুন নতুন নকশাও করা হয়েছে। এ নিয়ে নগরবাসীর অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) থেকে জানা গেছে, ১৯৯৪ সালে নগরের শান্তিধান মোড়ে তারের পুকুর এলাকায় জাতিসংঘ শিশুপার্কটি তৈরি করা হয়। জাতিসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে পার্কটির নামকরণ করা হয় জাতিসংঘ পার্ক। বছরের অর্ধেক সময় বিভিন্ন সংগঠন দখল করে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে এ মাঠে। অনুষ্ঠানের সময় আগত দর্শকদের খামখেয়ালিপনার কারণে অধিকাংশ খেলার সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না করায় ভেতরের পরিবেশও নোংরা হয়ে গেছে। আর রাতে বসে মাদকসেবীদের আড্ডা। নগরের পার্কগুলো সংস্কার করে শিশিুদের খেলার উপযোগী করার আন্দোলন করে আসছিল নগরবাসী। আন্দোলনের একপর্যয়ে গত বছর কেসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজমল আহমেদ পার্কটি আধুনিকায়নের উদ্যোগ নেন। এর জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে ৪৩ লাখ দুই হাজার টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়।
প্রকল্পের আওতায় মাঠজুড়ে হাঁটার সড়ক (ওয়াকওয়ে), পুরাতন খেলনাগুলো সংস্কার, দুটি জয়েন্ট স্লিপার নির্মাণ, গাছের আমব্রেলা সেড, ১২টি ফ্লাওয়ার টব, ক্লাবিং স্ট্রাকচার ও দোলনা স্থাপন করার কথা ছিল। কিন্তু বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান পার্কের নকশা পরিবর্তন করে নতুন করে তৈরির নির্দেশ দেন। সম্প্রতি নকশার কাজ শেষ হয়েছে। আর এর ব্যয় কমে দাঁড়িয়েছে ৪১ লাখ ৬১ হাজার টাকায়। সম্প্রতি ওই কাজের জন্য ঠিকাদারও নিয়োগ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছিুক একজন প্রকৌশলী জানান, বর্তমান নকশা অনুযায়ী কাজ হলে বাদ পড়বে পূর্বের নকশার অধিকাংশ খেলনা। পার্কের আগের অবস্থা আর থাকবে না; হারাবে তার অস্তিত্ব। খেলার জায়গা সংকুচিত হবে। মেলা দেখতে আসা লোকজন খেলা নষ্ট করবে। কিছুদিন পরে এটি পুরোপুরি মেলার মাঠ হবে।
সোমবার দুপুরের সরেজমিনে গিয়ে দেখা যায়, সদস্য মেলা শেষ হওয়ার পর মাঠজুড়ে ইটের স্তূপ। অন্যদিকে মাঠ উঁচু করার জন্য ট্রাকে করে বালু ফেলা হচ্ছে।
খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, ‘নগরের প্রধান পার্কগুলোয় সভা-সমাবেশ হওয়ায় নগরবাসীর বিনোদনের পরিবেশ নষ্ট হয়ে গেছে। তা ছাড়া শিশুদের খেলার সরঞ্জাম নষ্ট হওয়ায় তারা খেলতে পারে না। কেসিসির সেদিকে খেয়াল নেই বরং উল্টো জাতিসংঘ শিশুপার্ককে মেলার স্থান বানাচ্ছে।’
মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘শিশুদের খেলা ও মেলা দুটিই গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে আমরা একপাশে শিশুদের বিনোদনের ব্যবস্থা রেখেছি, অন্য পাশে মেলা চলবে।’