মেলার নামে লটারি ও জুয়া, প্রতিবাদ
রাজশাহী নগরের কালেক্টরেট মাঠে বাণিজ্য মেলায় এবং নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে মেলার নামে লটারি ও জুয়া চলছে। রাজশাহী সিটি করপোরেশনের সাতজন কাউন্সিলর গতকাল এক বিবৃতিতে অসামাজিক এই কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার স্বাক্ষর করেছেন। বিবৃতিদাতা অন্য কাউন্সিলররা হলেন ২১ নম্বর ওয়ার্ডের নিযাম উল আযীম, ৫ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান, ২৪ নম্বরের আরমান আলী, ৯ নম্বরের এ কে এম রাশেদুল হাসান, ৮ নম্বরের এস এম মাহাবুবুল হক ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নূরুজ্জামান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রাজশাহী নগরের কালেক্টরেট মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় লটারির নামে জুয়াখেলা এবং নওদাপাড়া বাস টার্মিনালে আনন্দমেলায় লটারি ও জুয়াখেলা অব্যাহত আছে। তরুণ, যুবক, কিশোর ও শ্রমজীবী মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। নগরের ও জনগণের প্রতি দায়বোধ থেকেই অবিলম্বে কালেক্টরেট মাঠের বাণিজ্য মেলার লটারি ও নওদাপাড়া বাস টার্মিনালের আনন্দমেলার লটারি ও জুয়া খেলা বন্ধ করা হোক। অন্যথায় এ অনৈতিক অনাচারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন নওদাপাড়া বাস টার্মিনালে আনন্দমেলার উদ্বোধন করেন। আর গত ২ মে থেকে নগরের কালেক্টরেট মাঠে বাণিজ্য মেলা চলছে।