মেলার নামে লটারি-বাণিজ্য বন্ধের দাবি
যশোরে গ্রামীণ শিল্প মেলার নামে লটারি বাণিজ্য বন্ধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাতটি বাম রাজনৈতিক দলের নেতারা। আজ শনিবার বিকেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক বৈঠক থেকে এ দাবি জানানো হয়।
বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর টাউন হল মাঠে গ্রামীণ শিল্প মেলায় লটারির নামে গরিব মানুষের পকেট খালি করা হচ্ছে। এর ফলে শহরে সামাজিক বিশৃঙ্খলা মারাত্মক রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। যশোরের ‘সিটি ক্যাবল’ লটারির নামে জুয়া খেলা সরাসরি সম্প্রচার করছে, যা সম্পূর্ণ বেআইনি। এর মাধ্যমে একটি মহল কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, যশোর জেলা প্রশাসনের নাকের ডগায় শহরের প্রাণ কেন্দ্রে এ বেআইনি জুয়া খেলা চললেও রহস্যজনক কারণে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে এ বেআইনি কাজ বন্ধ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে সংগঠনগুলো।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাসদের জেলা সাধারণ সম্পাদক অশোক রায়, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক হাসিনুর রহমান, কমিউনিস্ট লীগের কামাল হোসেন পলাশ, বাসদ সমন্বয়ক শাহজাহান আলী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের সভাপতি মাস্টার নূর জালাল।
প্রসঙ্গত, আজ শনিবার প্রথম আলোর শেষ পাতায় ‘যশোরে মেলার নামে লটারি-বাণিজ্য’ শিরোনামে এ সংক্রান্ত প্রতিবেদন ও ছবি ছাপানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা আছে, মেলার আয়োজক যশোর প্রেসক্লাব। আরও দুটি প্রভাবশালী ক্লাব এ মেলার সঙ্গে জড়িত। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া মেলার মূল আকর্ষণই ‘লটারি’। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত অন্তত ১০০টি ইজিবাইকে মাইক লাগিয়ে যশোর সদর উপজেলার অলি-গলিতে গিয়ে ২০ টাকা মূল্যের এ লটারি টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিদিন লক্ষাধিক টিকিট বিক্রি হয়। যা থেকে দৈনিক আয় হচ্ছে ২০ লাখ টাকা। রাত ১১টা থেকে প্রতিরাতে লটারির ড্র অনুষ্ঠিত হয়। মোটর সাইকেলসহ ৪৩টি পুরস্কার দেওয়া হচ্ছে প্রতিদিন। যশোর পৌরসভার কাউন্সিলর হাজী সুমন এ মেলার সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন...