মেসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে একটি মেসে এক তরুণীকে (১৮) আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে কৌশলে ওই মেস থেকে তরুণীটি পালিয়ে আসেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই তরুণের এক সহযোগীকে (২০) আটক করা হয়েছে।
ওই তরুণীর ভাষ্য, তিনি শহরের একটি পারলারে কাজ করেন। বাড়ি সারিয়াকান্দি উপজেলায়। কয়েক মাস আগে মুঠোফোনে এক তরুণের (২২) সঙ্গে পরিচয় হয়। তাঁর বাড়ি বগুড়া শহরে। তবে তিনি একটি মেসে থাকেন। পড়েন একটি টেকনিক্যাল ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে। সোমবার ওই তরুণ তাঁকে মেসে দেখা করার কথা বলেন। ওই দিন বিকেলে সেখানে গেলে একটি কক্ষে তাঁকে জোর করে আটকে রাখা হয় এবং তিনি ধর্ষণের শিকার হন। গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত তাঁকে একাধিকবার নির্যাতন করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতালে যায়। চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে হাসপাতালে রাখা হয়েছে। গতকাল বুধবার ওই তরুণের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দেন। ওই তরুণ পলাতক রয়েছেন। তবে তাঁর এক সহযোগীকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।