মেসে ছাত্র খুন রুমমেট গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি মেসে কামরুল ইসলাম ওরফে কামরান (১৮) নামের এক ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই মেস থেকে তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় কামরুলের রুমমেট মাইনউদ্দিনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, মাইনউদ্দিন কামরুলকে শ্বাসরোধে হত্যা করার কথা বলেছে।
তেজগাঁও থানার পুলিশ জানায়, গতকাল বেলা একটার দিকে পুলিশ তেজকুনিপাড়ার ওই মেসের তালা ভেঙে মেঝে থেকে কামরুলের লাশ উদ্ধার করে। তাঁর ডান কান কাটা ছিল। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। কামরুল, মাইনউদ্দিনসহ তিনজন কক্ষটি ভাড়া নিয়েছিলেন। কামরুল ও মাইনউদ্দিনের বাড়ি কুমিল্লার হোমনায়। তাঁরা একই গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী। কামরুলের বাবার নাম আবদুল বারেক।
তেজগাঁও থানার পুলিশ কর্মকর্তারা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এবার কামরুল ও মাইনউদ্দিন কুমিল্লার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন। সম্প্রতি তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য রাজধানীর ফার্মগেটের ইউসিসি কোচিং সেন্টারে ভর্তি হন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, বুধবার রাতে কামরুল ও মাইনউদ্দিন তেজকুনিপাড়ার মেসে থাকলেও অন্যজন বাইরে ছিলেন। গতকাল সকালে তিনি এসে বাইরে থেকে দরজায় তালা লাগানো দেখতে পেয়ে ফিরে যান। দুপুরে আশপাশের লোকজন রক্তাক্ত কাপড় দেখে তেজগাঁও থানায় জানায়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ কামরুলের লাশ পড়ে থাকতে দেখে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হওয়া মাইনউদ্দিনের হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাইনউদ্দিন ধারালো অস্ত্র দিয়ে কামরুলকে মারতে চেয়েছিলেন। তাঁদের দুজনের মধ্যে ধস্তাধস্তিতে তাঁরা আহত হন। পরে কামরুলকে বালিশ চাপা দেন মাইনউদ্দিন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তদন্তে জানা গেছে, সকালের দিকে কামরুলকে হত্যা করে মাইনউদ্দিন বাসায় তালা মেরে কাছের এলাকায় অবস্থান নিয়েছিলেন। কুমিল্লায় অবস্থানরত নিহত কামরুলের মা-বাবার কাছে মৃত্যুর খবর পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।