মেসে নার্সিংয়ের দুই ছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার আলমগীর রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে বেসরকারি এক নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার আলমগীর কবিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম পাঁচ দিন মঞ্জুর করেন।

এরই মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই ছাত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তাঁদের কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

ধর্ষণের অভিযোগ এনে ওই দুই ছাত্রীর একজন গতকাল মঙ্গলবার বাদী হয়ে কোতোয়ালি থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করেন,
শহরের একটি মেসে সহপাঠীর কাছে নোট নিতে গিয়ে একই নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রসহ পাঁচ যুবকের ধর্ষণের শিকার হন তাঁরা (দুই ছাত্রী)। মামলা গতকাল করলেও ঘটনা পাঁচ দিন আগের বলে উল্লেখ করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলামের দেওয়া ভাষ্য, গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর রংপুর শহরের মেডিকেল পূর্বগেটের একটু দূরে বেসরকারি একটি নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের দুই ছাত্রী পড়াশোনার জন্য নোট নিতে প্রতিষ্ঠানের পাশে সর্দারপাড়ায় একটি মেসে তাঁদের এক সহপাঠী নিমাইয়ের কাছে যান।

সেখানে যাওয়ার পর মেসটিতে বসবাসকারী ওই প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলমগীর কবির তাঁদের দরজার বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে যাওয়ার অনুরোধ করেন। দুই ছাত্রী তখন মেসের ভেতরে যান। নিমাই ও আলমগীর ছাড়া মেসে ওই সময় কেউ ছিলেন না। একপর্যায়ে আলমগীর ওই দুই ছাত্রীকে একটি কক্ষে বসিয়ে রেখে বাইরে চলে যান এবং চার যুবককে সঙ্গে নিয়ে ফেরেন। ওই পাঁচজন পরে দুই ছাত্রীর সহপাঠী নিমাইকে কক্ষের বাইরে নিয়ে বেঁধে রেখে দুই ছাত্রীকে ধর্ষণ করেন।

অভিযোগে বলা হয়েছে, ধর্ষণের আগে ওই পাঁচজন দুই ছাত্রীকে বিবস্ত্র করে মুঠোফোনে ছবি ধারণ করেন। এই ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। জানাজানি হওয়ার ভয়ে ওই দুই ছাত্রী প্রথমে বিষয়টি গোপন রাখেন। পরে অভিভাবকদের জানান। পরিবারের সম্মতিতে দুই ছাত্রীর পক্ষ থেকে একজন পাঁচজনকে আসামি করে মামলা করেন।