মেহেন্দিগঞ্জে পুরোহিতকে হত্যার হুমকি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। অনিমেষ ভট্টাচার্য নামের ওই পুরোহিত সাত দিনের মধ্যে মন্দির ছেড়ে চলে না গেলে তাঁকে হত্যা করা হবে বলে মুঠোফোনে হুমকি দেওয়া হয়।
গতকাল রোববার ভোর পাঁচটায় উপজেলা সদরের শ্রীশ্রী জগন্নাথ জিউ মন্দিরের পুরোহিত অনিমেষ ভট্টাচার্যের মুঠোফোনে ওই হুমকি দেওয়া হয়।
অনিমেষ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘ভোর পাঁচটায় অজ্ঞাত এক ব্যক্তি ০১৯৯২২৮২১৮৬ নম্বর থেকে ফোন করেন। ফোন ধরার সঙ্গে সঙ্গে “আল্লাহু আকবর” বলেই গালাগাল শুরু করেন। এখনো কেন মন্দিরে আছি, জানতে চান। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে মন্দির ছেড়ে চলে যেতে নির্দেশ দেন। সাত দিনের মধ্যে চলে না গেলে হত্যা করা হবে বলে হুমকি দেন। এক মিনিট ১৬ সেকেন্ডের কথার মধ্যে ভয়ভীতি দেখিয়ে গালাগালই ছিল বেশি।’ এ ব্যাপারে গতকাল মেহেন্দিগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।
মন্দিরের সভাপতি এবং স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ প্রথম আলোকে বলেন, ‘উপজেলার সর্ববৃহৎ মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মূলত রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করার জন্যই এই তৎপরতা শুরু হয়েছে। এরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। এদের বিরুদ্ধে প্রশাসনও সজাগ দৃষ্টি রাখছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফোরকান আলী বলেন, ‘একটি বাংলালিংক নম্বর থেকে মন্দিরের পুরোহিতকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে মন্দির ও পুরোহিতের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে।’