মেহেন্দীগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ফারুক সরদার (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একই উপজেলার পূর্ব সুলতানী গ্রামের বাসিন্দা এবং ইউপি চেয়ারম্যান আলতাফ সরদারের ভাতিজা।
এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে মহসিন, বশির, রুবেল, কয়ছর ও হাসিবকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার উলানিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন সরদার এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঈদের দিন দুপুরে আলতাফ সরদার তাঁর অনুসারীদের নিয়ে উপজেলা সদরের ডাকবাংলোতে স্থানীয় সাংসদ পঙ্কজ নাথের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে মোটরসাইকেল-বহর নিয়ে নিজ ইউনিয়নে ফিরছিলেন। পানবাড়িয়া গ্রামে জামাল মোল্লার বাড়ি অতিক্রমকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হন ফারুক সরদার। বিকেল সাড়ে পাঁচটায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আলতাফ সরদারের অনুসারী।
ইউপি চেয়ারম্যান আলতাফ সরদার অভিযোগ করেন, জামাল মোল্লা পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। সেই হামলায় মারা গেছেন ফারুক সরদার।
প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান জামাল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, আলতাফ সরদার ঈদের বন্ধের সুযোগে দলবল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে দুটি বসতঘর ভাঙচুর এবং তাঁর নিকটাত্মীয়দের মারধর করেছেন।
মেহেন্দীগঞ্জ থানার ওসি উজ্জ্বল কুমার দে বলেন, এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান জামাল মোল্লাকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।