ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে গতকাল বুধবারও বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বরিশাল ছাড়াও ভোলা, সাতক্ষীরা, শেরপুর, কুষ্টিয়া ও মুন্সিগঞ্জে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। এ নিয়ে গত ২২ দিনে ইউপি নির্বাচনকেন্দ্রিক সংঘাতে সাতজনের প্রাণ গেল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে সহিংসতার খবর পাঠিয়েছেন ঢাকার বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা:
বরিশাল: প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বুধবার সকালে মেহেন্দীগঞ্জ উপজেলার বড়ইয়া গ্রামে স্থানীয় ভাষানচর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী মজিবর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক সমীর চারু (৪০)। আহত হন আবদুস ছাত্তার হাওলাদার, বিল্লাল চৌকিদার, সবুরা বেগম, রাশিদা বেগম, শাহ আলম শিকদার, শাহীন চারু ও মিন্টু হাওলাদার। তাঁরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, শাহীন চারুর অবস্থা আশঙ্কাজনক।
আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থী ম জিবর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের কয়েক নেতার নেতৃত্বে তাঁর সমর্থকদের ওপর হামলা হয়। তবে মজিবর রহমান দাবি করেন, স্থানীয় ইউপি সদস্য প্রার্থী ফরিদ আলম ও সবুজ মিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে তাঁর পক্ষের সম্পৃক্ততা নেই।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া (বরিশাল): প্রত্যক্ষদর্শী ও আহত লোকজন বলেন, গতকাল দুপুরে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লাবণ্য আক্তারের পথসভায় অংশ নিয়ে তাঁর ১০-১২ জন সমর্থক বাড়ি ফিরছিলেন। পথে আওয়ামী লীগের প্রার্থী বিপুল দাসের ভাই পিংকুল দাসের নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়। এতে আহত হন ইলিয়াস হোসেন (১৮) ও আইয়ুব আলী মোড়ল (৬০)। প্রথমে তাঁদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়। পরে দুজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভোলা: প্রত্যক্ষদর্শীরা বলেন, লালমোহন উপজেলার লালমোহন ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান মিয়ার সমর্থকেরা গত মঙ্গলবার চার ঘণ্টা ধরে তাণ্ডব চালান। সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা মিয়ারহাট বাজারে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী কার্যালয় এবং বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন। এ সময় মিজানুরের ২৫ সমর্থককে পেটানো হয়। পরে হামলাকারীরা মিজানের শহরের বাড়িতে ঢুকে তাঁকে খুঁজতে থাকেন। না পেয়ে তাঁর ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা মেরে দেওয়া হয়। এ ঘটনার ছবি তুলতে গেলে যুগান্তর ও আরটিভির ফটোসাংবাদিক মো. ইউসুফকে বেধড়ক পেটানো এবং তাঁর ক্যামেরা ভেঙে ফেলা হয়। ইউসুফকে উদ্ধারে এগিয়ে গেলে যুগান্তর-এর জেলা প্রতিনিধি অমিতাভ অপুসহ কয়েকজন সাংবাদিক হামলাকারীদের হাতে লাঞ্ছিত হন।
গুরুতর আহত ইউসুফকে রাত ১০টার দিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেও তাঁর ওপর হামলা হয়। পরে তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আওয়ামী লীগের প্রার্থী শাজাহান মিয়া বলেন, বিদ্রোহী প্রার্থীর লোকজনই তাঁর প্রচারের মাইক ও গাড়ি ভাঙচুর করেছেন। এ ঘটনায় তিনি থানায় মামলাও করেছেন। সাংবাদিক নির্যাতনের ঘটনা তিনি জানেন না। তবে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমার বাড়িঘর, নির্বাচনী কার্যালয় ভাঙার পরও পুলিশ মামলা নিচ্ছে না।’
লালমোহন থানার ওসি আক্তারুজ্জামান বলেন, বিদ্রোহী প্রার্থী বা কোনো সাংবাদিক পুলিশের কাছে লিখিত অভিযোগ দেননি।
বরগুনা: আচরণবিধি লঙ্ঘন করে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের মালয়েশিয়াপ্রবাসী ভাই মিলন হাওলাদার ৯ মার্চ হেলিকপ্টারে করে প্রচারণা চালান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আদালতের নির্দেশে দুজনের বিরুদ্ধেই মামলা নিয়েছে পুলিশ।
১৪ মার্চ নির্বাচন কমিশন বরগুনার পুলিশ সুপারকে আওয়ামী লীগের প্রার্থী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে সরাসরি মামলা করার নির্দেশনা দিয়ে চিঠি দেয়। কিন্তু মামলার পরিবর্তে বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর গতকাল বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ঘটনাটি মামলা হিসেবে তদন্তের আদেশ দেন।
সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শীরা বলেন, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউপির ধুমঘাট গ্রামে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা মঙ্গলবার রাতে বিএনপির প্রার্থী জি এম সাদেকুর রহমানের সমর্থকদের পাঁচটি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেন। তাঁরা ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুরও করেন। বাধা দিতে গেলে পিটুনিতে কমপক্ষে ১১ জন আহত হন। তাঁরা হলেন আবু দাউদ গাইন, আবু বক্কর গাইন, সাবিনা খাতুন, আবদুল ওহাব, আছিয়া বেগম, মায়া, আলম, সঞ্জয় মণ্ডল, শিল্পী রানী, আবদুল গনি ও আবদুল হামিদ। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী শোকর আলী বলেন, তাঁর লোকজন এ হামলার ঘটনায় জড়িত নন।
শ্যামনগর থানার ওসি এনামুল হক রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নালিতাবাড়ী (শেরপুর): পুলিশ ও এলাকাবাসী জানান, নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সবুরের সমর্থকেরা মঙ্গলবার রাতে বাঘবেড় বাজারে বিদ্রোহী প্রার্থী হাসানুজ্জামানের পথসভায় লাঠিসোঁটা নিয়ে হামলা করলে সংঘর্ষ বাধে। এতে হাসানুজ্জামান ও তাঁর ছোট ভাই আরিফ সরকারসহ (২৫) দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত আরিফসহ আনোয়ার হোসেন (২২) ইয়াকুব আলী (২৪) ও আরিফ হোসেন (১৮), হাবিবুর রহমানকে (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসানুজ্জামান বলেন, তাঁর পথসভায় অতর্কিত হামলা করে প্রতিপক্ষ। পরে রাতে বিভিন্ন স্থানে তাঁর ছয়টি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়। তবে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সবুর বলেন, উত্তেজনামূলক বক্তব্য দেওয়ায় স্থানীয় এক মুরব্বি পথসভায় বাধা দেন। তাঁর সঙ্গে অশালীন আচরণ করায় মারধরের ঘটনা ঘটে। সবুর দাবি করেন, হাসানুজ্জামানের নির্বাচনী কার্যালয় ভাঙচুরে তাঁর সমর্থকেরা জড়িত নন।
কুষ্টিয়া: প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আহমেদের সমর্থকদের ওপরে ভবনন্দদিয়াড় বাজারে গতকাল দুপুরে হামলা চালান বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম শেলী দেওয়ানের লোকজন। এরপর উভয় পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় উভয় প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়। পরে স্থানীয় ক্যাম্পের বিজিবি ও দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। ফয়জুল ও ফজলু নামের দুজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউপিতে বিএনপির প্রার্থী আমিন উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে রাজানগর এলাকায় প্রচারণায় গেলে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন তাঁদের ওপর হামলা করেন। এ সময় তাঁর পাঁচ কর্মীকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া তিনটি মাইক্রোবাসের কাচ ভাঙচুর করা হয়।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, বিএনপির প্রার্থী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে।