মেহেন্দীগঞ্জে নবদম্পতির লাশ উদ্ধার
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা থেকে এক নবদম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। মাত্র এক মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রাম থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কাজীর হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ তালুকদার জানান, লাশ দুটি আজিমপুর গ্রামের সোনাব আলীর সৌদিপ্রবাসী ছেলে গিয়াস উদ্দীন (৩০) ও তাঁর স্ত্রী একই গ্রামের রাজ্জাক মীরের মেয়ে তামান্না বেগমের। গিয়াস উদ্দীন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দুই মাস আগে দেশে ফেরেন তিনি। এ বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দুই পরিবারের সম্মতিতে গিয়াস উদ্দীনের সঙ্গে তামান্নার বিয়ে হয়।
ওসি জানান, গতকাল বুধবার গিয়াস তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতেই স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। আজ সকালে তাঁদের ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তাঁদের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গিয়াসের লাশ ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী তামান্নার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
ওসি মাসুদ তালুকদার জানান, স্থানীয় অনেকে বলেছেন, তামান্না মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তবে মেয়েটির লাশ দেখে মনে হয়েছে তাঁর বয়স কমপক্ষে ২০-২২ বছর। হয়তো সে দেরিতে বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁদের মৃত্যুর আসল রহস্য বের হবে।