মেহেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
আহত বাংলাদেশি আবদুল হান্নান (৪৫) বুড়িপোতা খালপাড়া গ্রামের আতাহার আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিজিবির সদস্যরা সীমান্তে টহল কমিয়ে দেন। এ সুযোগে ১১৬/৪ সাব-পিলারের কাছে দুই দেশের চোরাকারবারিরা জড়ো হন। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে আহত আবদুল হান্নানকে চিকিৎসার জন্য মেহেরপুর শহরের একটি ক্লিনিকে নেওয়া হয়। গ্রেপ্তার এড়াতে পরে তিনি পালিয়ে যান।
শহরের রমেশ ক্লিনিকের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দুটি মোটরসাইকেলযোগে চার ব্যক্তি গুলিবিদ্ধ হান্নানকে চিকিৎসা দিতে আসেন। কিন্ত কোনো চিকিৎসা না নিয়েই তাঁরা চলে যান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩২ ব্যাটালিয়নের বুড়িপোতা ক্যাম্প কমান্ডার সুবেদার আলমগীর হোসেন বলেন, বাংলাদেশিদের লক্ষ্য করে ভারতের নদীয়া জেলার নাটনা বিএসএফ ক্যাম্প সদস্যরা গুলি চালান। কেন গুলি চালালেন তা জানা যায়নি। আহত হান্নানকে খোঁজা হচ্ছে।
মিরপুরের ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, সীমান্তে গুলি ঘটনার তদন্ত করা হবে। আজ সকাল সাড়ে ১০টায় বুড়িপোতা সীমান্তে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।