মেহেরপুরে এক কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা কারাগারের এক কয়েদি গত বুধবার বিকেলে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম বিমল। বাড়ি পৌরসভার চৌগাছা এলাকায়।

জানতে চাইলে জেলা কারাগারের উপকারাধ্যক্ষ শরিফুল আলম বলেন, বিমল মাদকাসক্ত ছিলেন। গত বছরের ১৪ আগস্ট ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে বিমলকে খুলনা থেকে চিকিৎসা করিয়ে আনা হয়। গত বুধবার বিকেলে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক মাহবুব আজাদ বলেন, তিনিসহ দুজন বিমলের লাশের ময়নাতদন্ত করেন। বিমলের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফুসফুসের কোনো সমস্যায় ভুগছিলেন। হয়তো তাঁর রক্তশূন্যতাজনিত সমস্যাও ছিল। ভিসেরা নমুনা মহাখালীতে পাঠানো হচ্ছে।