মেহেরপুরে গণপিটুনিতে নিহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে গত বুধবার রাতে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। গ্রামবাসী বলছে, তারা ডাকাত ছিল।
নিহত ব্যক্তিরা হলো গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের শরিফুল ইসলাম (৪৫) এবং সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ফারুক হোসেন (৪১) ও রফিকুল ইসলাম (৩৯)।
প্রত্যক্ষদর্শী ভাষান মণ্ডল (৪৫) জানান, রাতে তিনি গ্রামের মাঠে শসার খেত পাহারা দিচ্ছিলেন। গভীর রাতে ১০-১২ জন মানুষ সদর উপজেলার বুড়িপোতা মাঠ হয়ে রাজাপুরের দিকে যাচ্ছিল। তিনি পরিচয় জানতে চাইলে তারা তাঁকে মারধর করে ছেড়ে দিয়ে যায়। তাদের কাছে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। এরপর তিনি দ্রুত গ্রামে পৌঁছে মসজিদের মাইকে গ্রামে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেন। আতঙ্ক সৃষ্টির জন্য ডাকাতেরা তখন কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে গ্রামবাসী জেগে যায়। তারা ডাকাতদের ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে পিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামতসহ ডাকাতদের ফেলে যাওয়া একটি পিস্তল ও একটি গুলিসহ কয়েকটি মুঠোফোন উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।