মেহেরপুরে গণপিটুনিতে 'ডাকাত' নিহত
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে গণপিটুনিতে ইজারুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলছে, ডাকাতি করে পালানোর সময় তাঁকে ধরে পিটুনি দেওয়া হয়। পুলিশের ভাষ্য, ইজারুল ডাকাত দলের সর্দার ছিলেন।
ইজারুলের বাড়ি সদর উপজেলার ভবনন্দপুর গ্রামে। এলাকাবাসী বলছে, ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন এলাকাবাসী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীবের ভাষ্য, রাত একটার দিকে আশরাফপুর গ্রামের সৌদিপ্রবাসী মিন্টু শেখের বাড়িতে ১৪-১৫ জন ডাকাত হানা দেয়। এ সময় তাঁরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতি শেষে পালানোর সময় মিন্টু শেখের স্ত্রী চিৎকার দিলে প্রতিবেশীরা টের পেয়ে ছুটে যান। এ সময় একটি বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে গ্রামবাসীর গণপিটুনিতে ইজারুল গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাজু আহম্মেদ তাঁকে মৃত ঘোষণা করেন।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মিন্টু শেখের ছেলে হারেজ আলী (১৫) ও রশিদ (৪২) নামের এক প্রতিবেশী আহত হন। তাঁদের মেহেরপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, নিহত ইজারুলের বিরুদ্ধে মেহেরপুর ও চুয়াডাঙা জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১৪-১৫টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য নিহত ইজারুলের লাশ মেহেরপুরে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।