মেহেরপুরে গ্রাহকের টাকা নিয়ে সমিতি লাপাত্তা?
মেহেরপুরে জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি সমিতি গ্রাহকদের আমানতের ছয় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। অন্তত দুই সপ্তাহ ধরে সমিতির কার্যালয়ে তালা ঝুলছে। অভিযোগ রয়েছে, সারা দেশে সমিতিটি আমানতকারীদের অন্তত ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
জেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথমে কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে ২০০৩ সালে কার্যক্রম শুরু করে সমিতিটি। এরপর মেহেরপুরে ২০১২ সালে কার্যক্রম শুরু করে। প্রথম দিকে সদরের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ শুরু করে। পরে পাঁচ বছরে নানা শ্রেণি-পেশার সাত শতাধিক মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে। কিন্তু চলতি বছরের জুলাইয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলিয়ে রাতের আঁধারে কর্মকর্তারা পালিয়ে যান।
সমিতির প্রধান কার্যালয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে। সমিতির চেয়ারম্যানের নাম খন্দকার আবুল কালাম আজাদ (৫০। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাঁর ছোট ভাই খন্দকার শরিফুল আলম। বাড়ি তারাগুনিয়া গ্রামে। প্রথমদিকে সমিতিটির কার্যক্রম কুষ্টিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেও পর্যায়ক্রমে তা মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী ও রংপুরে বিস্তৃত হয়। সারা দেশে প্রতিষ্ঠানটির ৫৬টি শাখা খোলা হয়।
মেহেরপুর সদরের হোটেল বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিটির কার্যালয় রয়েছে। ভবনটির মালিক আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, ২০১২ সালে তাঁর বাড়ির দ্বিতীয়তলা ভাড়া নিয়ে সমিতির কার্যক্রম শুরু হয়। কার্যক্রম দেখে মুগ্ধ হয়ে তিনি ছয় লাখ টাকা সঞ্চয় জমা দেন। কিন্তু অন্তত দুই সপ্তাহ ধরে সমিতিটির কার্যালয়ে তালা ঝুলছে।
নাম প্রকাশ না করার শর্তে গত বুধবার সমিতির দুটি শাখার দুজন কর্মকর্তা মুঠোফোনে বলেন, সারা দেশের কয়েক হাজার গ্রাহকের শতাধিক কোটি টাকা আমানত হিসেবে জমা নেয় সমিতি। প্রায় এক বছর ধরে আমানতকারীরা টাকা ফেরত চাইলেও দেওয়া হচ্ছে না। এখন প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে আমানতকারীদের পাশাপাশি সমিতির ৩৫০ কর্মকর্তা-কর্মচারী বিপাকে পড়েছেন।
কয়েকজন গ্রাহক বলেন, প্রতিষ্ঠানটি চলতি ও সঞ্চয়ীসহ বিভিন্ন ধরনের আমানত স্কিমে উচ্চ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দেয়। ক্ষেত্রবিশেষে ১৮ শতাংশ সুদ দেওয়া হতো। প্রতিষ্ঠানটি সদস্যদের কাছ থেকে নেওয়া আমানত ক্ষুদ্রঋণ আকারে ব্যবসায়ী ও দোকানদারদের মধ্যে বিতরণ করত।
গাংনী উপজেলার মালসাদহ গ্রামের আলিম হোসেন বলেন, তিনি সমিতিতে সাড়ে চার লাখ টাকা জমা রেখেছিলেন। এখন তাঁর মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার। কিন্তু সমিতির লোকজন উধাও।
সমিতির চেয়ারম্যানের নাম খন্দকার আবুল কালাম আজাদ ও তাঁর ছোট ভাই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার শরিফুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তাঁরা বাড়িতে থাকেন না বলেও তথ্য পাওয়া গেছে।
জেলা সমবায় কর্মকর্তা কাজী মিজানুর রহমান বলেন, সমিতিটি রাতের আঁধারে তাঁদের কার্যালয়ে তালা ঝুলিয়ে সটকে পড়েছে। এ কারণে আমানত জমাদানকারীরা চরম বিপাকে পড়েছেন। তাঁদের কার্যালয়ে একাধিক অভিযোগ আসছে প্রতিদিন। বিষয়টি তিনি বিভাগীয় সমবায় কার্যালয়কে অবহিত করেছেন।