মেহেরপুরে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসের উদ্দিনকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টায় অস্ত্রধারী দুর্বৃত্তরা গাংনী চরগোয়াল গ্রামের মরা নদীর কাছে এই হত্যাকাণ্ড ঘটায়।
চরগোয়াল গ্রামের একাধিক প্রত্যক্ষদর্শী বাসিন্দা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে হাসের উদ্দিন মোটরসাইকেল নিয়ে মরা নদীর পাশের জমিতে সেচযন্ত্র দিয়ে পানি দিতে যাচ্ছিলেন। সে সময় একই গ্রামের লাবলু, রকিবুল, জাফর, জনিসহ ১০-১২ জন যুবক হাসেরের মোটরসাইকেল থামিয়ে তাঁকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এ সময় দুটি গুলির শব্দও শোনা যায়। ঘটনাস্থলেই হাসেরের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারী যুবকেরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
নিহত হাসেরের ভাই ও প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার আধঘণ্টা আগে ওই গ্রামের হদর শেখের ছেলে জনি আমার ভাইকে মুঠোফোনে ডেকে নেয়। ভাইয়ের সঙ্গে আমিও বাড়ি থেকে বের হই। মোটরসাইকেল নিয়ে ভাই বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর পরই জনিসহ ১০-১২ জন মোটরসাইকেল থেকে ভাইকে নামিয়ে কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।’
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, ২০১২ সালে আতিয়ার ও আতাহার নামে দুই ব্যক্তিকে হত্যার মামলায় আসামি ছিলেন হাসের উদ্দিন। তবে, নিহতের বাবা সাদিমান উদ্দিন (৫৮) বলেন, হাসের এলাকায় জনপ্রিয় ছিল। ওই গ্রামে ডাবল মার্ডারের দিন তাঁর ছেলে অন্য একটি মামলায় কারাবন্দী ছিল।