গাংনীতে ছাত্রদল নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে গাংনী চরগোয়াল গ্রামের মরা নদীর কাছে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত ব্যক্তির নাম হাসের উদ্দিন (৩৮)। তিনি গাংনী উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন বলে দাবি দলের। তাঁর বাড়ি উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে।
নাম প্রকাশ না করা একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সকাল সাড়ে ছয়টার দিকে একটি মোটরসাইকেল করে মরা নদীর পাশে জমিতে সেচ দিতে যাচ্ছিলেন হাসের। এসময় ১০-১২ জন যুবক তাঁর মোটরসাইকেল থামান। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় দুটি গুলিরও শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলেই হাসের মারা যান। হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা একই গ্রামের অধিবাসী। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
নিহত ব্যক্তির ভাই মনিরুল ইসলামের ভাষ্য, তিনি ও হাসের চুক্তি ভিত্তিতে অন্যের ও নিজেদের জমিতে সেচ দিতেন। আজকের ঘটনার আধঘণ্টা আগে একই গ্রামের জনি (২৬) জমিতে সেচ দেওয়ার কথা বলে মুঠোফোনে হাসেরকে ডেকে নেন। ভাইয়ের সঙ্গে তিনিও বাড়ি থেকে বের হন। মোটরসাইকেলে করে বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর জনিসহ ১০-১২ জন তাঁদের পথরোধ করেন। তাঁরা হাসেরকে মোটরসাইকেল থেকে নামিয়ে কোপাতে শুরু করেন। তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর ভাই তাঁকে সেখান থেকে পালিয়ে যেতে বলেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আজ বাহার আলী শেখ ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। অন্যদেরও চিহ্নিত করা হবে। জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে হাসেরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ২০১২ সালে ওই গ্রামে একটি জোড়া হত্যাকাণ্ড ঘটে। ওই হত্যা মামলার আসামি ছিলেন হাসের। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। কিছুদিন আগে মামলার বাদী পক্ষের সঙ্গে আপস করে জামিন পান হাসের। এরপর গ্রামে ফেরেন তিনি। আজ সকালে মোটরসাইকেলে করে জমিতে সেচ দিতে যাওয়ার পথে সশস্ত্র দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
নিহত ব্যক্তির বাবা সাদিমান উদ্দিনের ভাষ্য, জোড়া খুনের দিন তাঁর ছেলে অন্য একটি মামলায় কারাগারে ছিলেন। ওই হত্যা মামলায় তাঁর নাম নেই। রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর ছেলেকে প্রকাশ্যে হত্যা করেছে।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের দাবি, হাসের জোড়া খুনের মামলার প্রধান আসামি ছিলেন। তাঁকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করেছে। এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আমজাদ হোসেনের ভাষ্য, এলাকার রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রতিপক্ষÿদলের সন্ত্রাসীরা হাসেরকে খুন করেছে।