মেহেরপুরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫
মেহেরপুরের গাংনীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল নয়টার দিকে গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, বেতবাড়ীয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জমির উদ্দীন ও প্রতিবেশী গোলাম হোসেন পক্ষের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমিতে আজ সকালে ‘স’ মিল স্থাপনের জন্য মাটি কাটার কাজ করছিলেন জমির উদ্দীন ও তাঁর পরিবারের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষ জড়িয়ে পড়ে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ব্যক্তিদের মধ্যে উভয় পক্ষের ১০ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঁদের মধ্যে গোলাম হোসেনের পক্ষের সেকেন্দারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।