মেহেরপুরে জোড়া খুনের এলাকা থেকে এবার 'বোমা' উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টুঙ্গি গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি পাশের গ্রাম সোনাপুরে আলোচিত জোড়া খুনের ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টুঙ্গি গ্রামের কাপড় ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহর বাড়ির সামনে গতকাল সকালে দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পিরোজপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

এ ব্যাপারে খালেদ সাইফুল্লাহ বলেন, ‘কেন আমার বাড়ির সামনে বোমা রাখা হলো আমরা কিছু বুঝতে পারছি না। কেউ আমার কাছে কোনো চাঁদা দাবিও করেনি। তাই চাঁদার জন্য হুমকি দিয়ে এগুলো রাখা হয়নি।’

এলাকাবাসী বলছেন, ৫ মার্চ সোনাপুরে জোড়া খুনের ঘটনা ঘটে। এরপর এলাকায় একের পর এক ঘটনা ঘটে চলেছে। এসব ঘটনায় এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে আছে। সর্বশেষ ১৩ মার্চ দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়। পুলিশের ভাষ্যমতে, তাঁরা সোনাপুর গ্রামে জোড়া খুনের মামলার আসামি। এরপর এই বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটল।

নাম প্রকাশে অনিচ্ছুক সোনাপুর গ্রামের এক কৃষক প্রথম আলোকে বলেন, বন্দুকযুদ্ধে নিহত চারজনের একজন সোহাগের বাড়ির পাশেই সাইফুল্লাহর বাড়ি। সাইফুল্লাহর বাড়ির সামনে কী কারণে এভাবে বোমাসদৃশ বস্তু রাখা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে জোড়া খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের কেউ এলাকায় ত্রাস সৃষ্টি করতে এ ঘটনা ঘটাতে পারে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বোমাসদৃশ বস্তু রেখেছে বলে তাঁদের ধারণা। এগুলো বোমা কি না পরীক্ষা করে দেখা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।