মেহেরপুরে টাকা লুটে জড়িত সন্দেহে তিন ইরানি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে টাকা লুটের ঘটনায় জড়িত সন্দেহে তিন ইরানি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন তেহরান শহরের আমির হোসেন (৩৫), ভরিত (৩৪) ও নাদের (২৮)। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া এলাকার চোখতোলা মাঠের কাছ থেকে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, ইরানের নাগরিক ওই তিন ব্যক্তি একটি সাদা প্রাইভেট কার নিয়ে মেহেরপুরে ঢোকেন। গাংনী বাজারের একটি দোকানে কোমলপানীয় কেনেন। পরে পাশের দোকানে টাকা ভাঙাতে গেলে দোকানদারের সন্দেহ হয়। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে তাঁদের বহনকারী গাড়িটি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, কয়েক দিন আগে একটি মাইক্রোবাসে এসে মেহেরপুরের অয়ন ফিলিং স্টেশনের কর্মচারীদের ব্যস্ত রেখে দেড় লাখ টাকা লুটে নেন বিদেশি কয়েকজন নাগরিক। এ ছাড়া গাংনীতে একটি চালের দোকানে একই কায়দায় ৭০ হাজার টাকা লুটে নেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, আটক ব্যক্তিদের কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। তাঁরা ঢাকায় কোথায় উঠেছেন, গাড়ি কোথা থেকে ভাড়া নিয়েছেন সেসবের কিছু জানাতে পারেননি। এর আগে মেহেরপুর সদরে একটি পেট্রলপাম্পে ডাকাতির ঘটনায় গাইবান্ধায় আটক তিন বিদেশির মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। ওই চক্রের সঙ্গে এঁরা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।