মেহেরপুরে দুই ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের দুই ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন সদর উপজেলার সোনপুর গ্রামের কাঠ ব্যবসায়ী আবদুল মজিদ (৫৫) ও একই গ্রামের পোলট্রি ব্যবসায়ী আসাদুল ইসলাম (৫০)।
দুজনের পরিবারের দাবি, গতকাল রোববার রাতে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাদের অপহরণ করা হয়। দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় তাদের হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্য, গতকাল রাত পৌনে ১১টার দিকে গ্রামের মজনু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন মজিদ ও আসাদুলসহ আরও কয়েকজন। এ সময় ১০/১২ জন অস্ত্রধারী মজিদ ও আসাদুলকে তুলে নিয়ে যায়। তাদের পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। আজ দুপুরে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করার সময় একটি তামাক খেতে দুজনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। চাঁদার দাবিতে হত্যাকাণ্ড, নাকি অন্য কিছু তা এখনো স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আছে। তবে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।